মহাসড়কে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমান চালকদের উদ্দেশে বলেছেন, মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার। এর বেশি গতিতে গাড়ি চালাবেন না। এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। সরকারের আইন সব চালককে মেনে চলতে হবে।

গতকাল বৃহস্পতিবার নগরের ষোলোশহর এলজিইডি মিলনায়তনে গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মো. মশিয়ার রহমান চালকদের উদ্দেশে আরও বলেন, কয়েক ধাপ পেরিয়ে ভারী গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হয়। এই শর্ত সহজ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

 ‘নিরাপদ সড়ক মানে নিরাপদ জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল চট্টগ্রামের ৬০০ গাড়ি চালককে প্রশিক্ষণ দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম নগর ও জেলা সার্কেল যৌথভাবে ‘সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আলোচনা’ সভার আয়োজন করে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সজল চন্দ্র বণিক,  সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. অলি আহমদ প্রমুখ।

সভায় মো. মশিয়ার রহমান তাঁর বক্তব্যে দাবি করেন ২০০৯ সাল থেকে সড়ক দুর্ঘটনা কমে আসছে। তিনি বলেন, ২০২০ সালের দুর্ঘটনার হার আরও কমাতে হবে।

পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, দেশে ড্রাইভিং লাইসেন্সের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। লাইসেন্স নেই এমন লোকও গাড়ি চালাচ্ছে। লাইসেন্স প্রাপ্তি সহজ করলে এই সমস্যা থাকবে না। তিনি চালকদের সতর্ক করে বলেন, নিজের জীবন নিয়ে ভাবতে হবে। নিজে বাঁচলে পরিবার, মালিক ও যাত্রী সবাই বাঁচবে। তাই সতর্কতার সঙ্গে গাড়ি চালাবেন।