মহাসড়কে সেনা উপস্থিতি, কমেছে যানজট
বগুড়ার শেরপুরে সেনাসদস্যদের উপস্থিতির পর বিভিন্ন সড়কে যানজট কমে এসেছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাসদস্যের পাশাপাশি পুলিশের সদস্যরাও ছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি না চালানোর জন্য মাইকে প্রচারণা চালিয়েছে পুলিশ। সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়ন দিনাজপুরেও কাজ শুরু করেছে।
শেরপুরে সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের কলেজ রোড, স্থানীয় বাসস্ট্যান্ড এবং ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকার সড়কগুলোতে সকাল থেকেই সেনাসদস্যের পাশাপাশি পুলিশের উপস্থিতির কারণে যানজট খুব একটা দেখা যায়নি। পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করে মহাসড়কের ওপর কোনো গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি।
দূরপাল্লাগামী একাধিক যানবাহনের চালক বলেন, বিগত দিনগুলোতে শেরপুরের বিভিন্ন সড়কের ওপর গাড়ি দাঁড়িয়ে থাকায় সমস্যায় পড়তে হতো। এতে অসহনীয় যানজটের সৃষ্টি হতো। এখন তাঁরা দ্রুতই চলাচল করতে পারছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহাসড়ক যানজটমুক্ত রাখতে এই পদক্ষেপ অব্যাহত থাকবে।
দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল থেকে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করার দায়িত্ব পালন করছে। অন্য ব্যাটালিয়নটি নির্বাচনকালীন জেলা রিটার্নিং কর্মকর্তার অধীনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেন, সেনাসদস্যরা সড়ক-মহাসড়কে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।