মহাসড়কে হাট, দুর্ভোগে ঘরমুখী যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া ও কাশীনাথপুরে মহাসড়কজুড়ে হাট বসায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে হাটে ব্যাপক কোরবানির পশু আমদানি ও লোকসমাগম বেড়ে যাওয়ায় এই যানজট ভয়াবহ রূপ নিয়েছে। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে বিভিন্ন যানবাহন। এতে ঘরমুখো ঈদের যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জানা যায়, পাবনা-বগুড়া মহাসড়কের পাশে সাঁথিয়ার কাশীনাথপুর ও বেড়ার করমজা হাটের অবস্থান। বৃহস্পতি ও রোববার কাশীনাথপুরে এবং শনি ও মঙ্গলবার করমজায় হাট বসে। দুটি হাটেই স্থান সংকুলান না হওয়ায় হাটুরেরা মহাসড়কের অনেকটা অংশজুড়ে বসে। এতে দীর্ঘদিন ধরেই হাটবারে হাট দুটিতে সৃষ্টি হচ্ছে যানজট। ঈদুল আজহা উপলক্ষে এ যানজট হয়ে উঠেছে আরও তীব্র। রোববার কাশীনাথপুর হাটে ও গতকাল মঙ্গলবার করমজা হাটে গিয়ে দেখা যায়, মহাসড়কের অনেকটা দখল করে বসেছে হাট। মহাসড়কের ওপরেই পেঁয়াজ, রসুন, মরিচ, আসবাবসহ নানা পণ্যের চলছে বেচাকেনা। বেচাকেনার পর সেখানেই রিকশা-ভ্যান অথবা নছিমনে বোঝাই করা হচ্ছে পণ্য। এ কারণে হাটসংলগ্ন মহাসড়কের পুরো অংশজুড়েই দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। আর এরই মধ্যে যানজটে পড়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে বিভিন্ন যানবাহন। যানজট নিরসনে চোখে পড়ে না কোনো ট্রাফিক পুলিশ। কাশীনাথপুরে মহাসড়কের প্রায় মাঝ বরাবর পেঁয়াজের বস্তা নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে ছিলেন সাঁথিয়া উপজেলার শহীদনগর গ্রামের কৃষক রমজান আলী (৪৫)। যানজটে থাকা গাড়িগুলো অতি ধীরে তাঁর শরীর ছুঁয়ে যেতে থাকলেও তাঁকে খুব একটা বিচলিত দেখা যায় না। তিনি বলেন, ‘কেউ কি সাধ কইর্যা সড়কের ওপর বেচাকেনা করব্যার আসে? হাটের ভেতরে এক ফোঁটাও জাগা নাই দেইখ্যা আমরা বাধ্য হয়া সড়কে আইছি।’ করমজা হাটে দুপুর সাড়ে ১২টায় গিয়ে দেখা যায়, বিভিন্ন পণ্যের পাশাপাশি কোরবানির গরু-ছাগলও মহাসড়কের প্রায় ওপরে এনে বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় মহাসড়কের আমাইকোলা থেকে শুরু করে বেড়া বাসস্ট্যান্ড ছাড়িয়ে প্রায় দেড় কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।যানজটে আটকে থাকা সিরাজগঞ্জ থেকে পাবনাগামী যাত্রীবাহী বাস রোড কিং পরিবহনের চালক সাইফুল ইসলাম বলেন, ‘৩০ মিনিট এহানে আইটক্যা রইছি। আরও কতক্ষণ থাকা লাগবি কিডা জানে। যানজটের যে অবস্থা তাতে মনে হয় আইজকা ফেরার ট্রিপ মিস হয়া যাবি।’ পাবনা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. রইজউদ্দিন বলেন, ‘করমজা ও কাশীনাথপুর হাট দুটি আমাদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। ঈদের সামনে এই দুই স্থানের যানজট আরও ভয়াবহ হয়েছে। যানজটে আটকে থাকায় প্রায়ই বিভিন্ন বাসের ট্রিপ মিস হয়ে যাচ্ছে।’ বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এনামুল হক বলেন, ‘করমজা হাটের জায়গা প্রশস্তকরণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি শিগগিরই বাস্তবায়িত হবে এবং এতে হাট আর মহাসড়কে গিয়ে বসবে না।’