মহাসড়কে ১২ হাজার আনসার মোতায়েনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রী ও পণ্য পরিবহন নির্বিঘ্ন করতে রেলের মতো মহাসড়কেও আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সারা দেশের সড়ক-মহাসড়কের ৯৯৩টি স্থানে ১২ হাজার আনসার মোতায়েন করা হবে। এর মধ্যে প্রথমে ঢাকা-চট্টগ্রামসহ চারটি গুরুত্বপূর্ণ মহাসড়কের ২১৬টি স্থানের প্রতিটিতে ১২ জন করে আনসার সদস্য থাকবেন। আজ শুক্রবার থেকে এ প্রক্রিয়া শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে সভার সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকের এসব সিদ্ধান্ত সাংবাকিদের জানান। সড়ক, রেল ও নৌপথে পণ্য ও যাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে করণীয় ঠিক করার জন্য এই বৈঠক ডাকা হয়। বৈঠকটি সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল।
সভার সিদ্ধান্ত সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পুলিশ, বিজিবি, র‍্যাবের পাশাপাশি আনসারও নিরাপত্তা রক্ষায় কাজ করবে। তবে সহিংসতার বিষয়ে জনগণকে সচেতন করারও দরকার আছে। এ জন্য সিদ্ধান্ত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হবে।
এর আগে সভায় ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি যুদ্ধকালীন অবস্থার মতো। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি একটি তিন কোনাবিশিষ্ট ধাতব বস্তু দেখিয়ে বলেন, এগুলো দিয়ে যানবাহনের চাকা পাংচার করা হচ্ছে। শোনা গেছে, এগুলো আফগানিস্তানে তালেবানরা ব্যবহার করত।
এই বস্তুটি প্রথমে বৈঠকে আগতদের দেখান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান। তিনি নিজেকে মালিকদের নেতা উল্লেখ করে বলেন, আগুনে পোড়ার ভয়ে দূরের পথের দামি বাস চলছে না, এটাই বাস্তবতা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘৬০ লাখ আনসার সদস্য রয়েছেন। এঁদের সবাই আমাদের মতাদর্শের নন। তাই নিয়োগের ক্ষেত্রে দেখে-শুনে বাছাই করতে হবে।’
সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনমত তৈরি করার তাগিদ দেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক।
র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধু সেতুর পর থেকেই মূল সমস্যা। নিরাপত্তা বাহিনীর পাহারায় চলা যানবাহনের বহর পাঁচ কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে যাচ্ছে। ফলে ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। বহর কমিয়ে একাধিকবার পারাপারের ব্যবস্থা করতে হবে।
উত্তরবঙ্গ অনেকটাই অচল বলে উল্লেখ করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম পথে চৌদ্দগ্রাম থেকে ফেনী পর্যন্তও সমস্যা ছিল। কিন্তু স্থানীয় জনপ্রতিনিদের মাঠে নামানোর পর নাশকতা কমে গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী অভিযোগ করেন, ২০১৩ সালে অনেক চালক-শ্রমিক আহত-নিহত হয়ে ক্ষতিপূরণ পাননি। এবারও শ্রমিকদের পুড়িয়ে মারা হচ্ছে। তাঁদের যথাযথ ক্ষতিপূরণ না দিলে যানবাহন নিয়ে বের হবেন না। একপর্যায়ে সব বন্ধ হয়ে যাবে। তাই যানবাহন ভাঙচুর হলে তাৎক্ষণিক মেরামত ও আহত শ্রমিকদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা ও মারা গেলে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
সভায় নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফকরুল ইসলামসহ বিজিবি, আনসার ভিডিপি, কোস্টগার্ড, ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধিরা বক্তৃতা করেন।