মহাসড়কে ৩৫ কি.মি. যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শুক্রবার ৩৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ কারণে দাউদকান্দির অনেক শিক্ষার্থী কুমিল্লা নগরে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সমঞ্চান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি।বাসযাত্রী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় ঢাকাগামী একটি লং লরির চাকা ফেটে বিকল হয়ে পড়ে। এতে বুড়িচং উপজেলার নিমসার এলাকা থেকে দাউদকান্দি উপজেলার হরিপুর পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।সূত্র জানায়, মহাসড়ক পুলিশ সকাল সাতটার দিকে লং লরিটি সড়ক থেকে সরিয়ে নিলেও গাড়ির অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কে যানজট বৃদ্ধি পেতে থাকে এবং তীব্র আকার ধারণ করে।যানজটের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক অনেক শিক্ষার্থী সময়মতো কুমিল্লা নগরের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাত পারেননি। এ কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার্থী মাহমুদা আক্তার, রিমি আক্তার, কাওসার আলম ও সীমা আক্তার মুঠোফোনে বলেন, সকাল সাড়ে ছয়টায় গৌরীপুর থেকে বাসে উঠে বেলা তিনটায় তাঁরা কুমিল্লা নগরে পৌঁছান। অথচ তাঁদের ভর্তি পরীক্ষা শুরু হয় বেলা ১১টা থেকে।তাঁদের মতো অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি। অনেকে পরীক্ষা শেষ হওয়ার সামান্য আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান।ঢাকা থেকে চট্টগ্রামগামী কাভার্ড ভ্যানের চালক মো. নূরনবী বলেন, ১৮ কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘণ্টা সময় লেগেছে।সন্ধ্যার আগে ধীরে ধীরে যানজট কমে আসে।ইলিয়টগঞ্জ মহাসড়ক পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, লং লরির চাকা ফেটে যাওয়া, অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে যানজট তীব্র আকার ধারণ করে। তিনি আরও বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়ক পুলিশ সার্বক্ষণিক চেষ্টা চালিয়েছে।