মহাসড়কের উন্নয়নকাজ অসম্পূর্ণ থাকায় যানজট
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, ঢাকার সঙ্গে সারা দেশের যোগাযোগের মাধ্যম মহাসড়কগুলোর উন্নয়নকাজ অসম্পূর্ণ থাকায় যানজট তৈরি হচ্ছে। ইতিমধ্যে অনেক মহাসড়ক চার লেনে উন্নীত হলেও এগুলোতে ছোট যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা না থাকায় গণপরিবহনের যাত্রীরা দ্রুত ও নিরাপদে যাতায়াতের সুফল পাচ্ছে না।
গতকাল শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, দেশের প্রায় ২৪ জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কের অনেক জায়গায় রাস্তার কার্পেটিং উঠে যাওয়া, চার লেনের কাজ শেষ না হওয়ায় রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়া এবং রাস্তার বিভিন্ন অংশে গর্ত হয়ে গেছে। এসব কারণে ঈদের আগে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। এ ছাড়া নৌপথে দৌলতদিয়া-পাটুরিয়ার দৌলতদিয়া অংশে চারটি ঘাটের মধ্যে দুটি ঘাট ভেঙে যাওয়ায় এ পথে ফেরি পারাপারে যানজট সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ঈদে যানবাহন সংকটকে অপব্যবহার করে ফিটনেসবিহীন যানবাহনগুলো দূরপাল্লার যাত্রী বহন করে। সেগুলো মহাসড়কে যানজট ও দুর্ঘটনা ঝুঁকি বাড়ে। এসব যানবাহন বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) কঠুর পদক্ষেপ নিতে হবে।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবদুল হক বলেন, সড়ক দুর্ঘটনা ও অনিয়ম ঘটার কারণ হলো কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। বিআরটিএর এ বিষয়টি দেখভালের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করছে না। এতে মানুষের সময়, স্বাস্থ্য ও কর্মক্ষমতা নষ্ট হচ্ছে। এসব বিষয়ে তাদের নিজ কাজগুলো ভালোভাবে করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহার প্রমুখ।