নামে মহাসড়ক হলেও চেহারা দেখলে মেনে নিতে কষ্ট হয়। যত্রতত্র খানাখন্দ। তাতে বৃষ্টির পানি জমে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থা ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রাবাড়ীর মোড় থেকে কাজলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে। এই পথে যাত্রী এবং চালকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।
যাত্রাবাড়ীর সিএনজি-স্কুটারচালক আকতার হোসেন এই ভাঙা সড়কে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হন। গতকাল শনিবার হাসপাতালে চিকিৎসাধীন আকতার প্রথম আলোকে বলেন, ‘রাস্তার কারণে আমি ভুগছি। আমার পরিবার ভুগছে। খারাপ রাস্তার কারণে আমার সিএনজির এক্সেল ভেঙে পড়ে। এখন আমাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজলা থেকে যাত্রাবাড়ীর মোড় পর্যন্ত রাস্তা যে কত খারাপ, তা বোঝানো যাবে না। মনে হয়, এটা রাস্তা না, একটা পুকুর।’

সরেজমিন দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ওই এক কিলোমিটার অংশ চলাচলের একেবার অনুপযোগী। মাঝখানে যেখানে হানিফ ফ্লাইওভার, সেখানে সড়কের দুই পাশে পানি জমে আছে। পানি জমে থাকায় সড়কের এই অংশ যানবাহন চলাচল করতে পারছে না। দুই পাশের সড়কের ৫ থেকে ১০ ফুট রাস্তা দিয়ে চলছে গাড়ি। তাও খানাখন্দে ভরা।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘এলাকার লোকজন আর এটাকে রাস্তা বলে না; বলে পুকুর। কারণ, সব সময় রাস্তায় পানি জমে থাকে। বৃষ্টি হলে রাস্তায় কয়েক হাত পানি জমে যায়। সাত মাস ধরে রাস্তার এই হাল। কিন্তু সিটি করপোরেশন কোনো ব্যবস্থা নেয়নি।’
দেখা গেছে, রাস্তার দুই পাশের নালা বন্ধ। পানি সরছে না। পানিতে আবর্জনা পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘কাজলা থেকে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড় পর্যন্ত রাস্তার যে অবস্থা, এতে আমিও লজ্জিত। প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে। তবে রাস্তার কাজের ব্যাপারে গত মাসে টেন্ডার হয়েছে। আশা করি, রাস্তার কাজ শুরু হবে শিগগিরই।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৫) বোরহান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে আশা করি কাজ শুরু হবে।’