মহাসড়কের ওপর আবর্জনার স্তূপ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এতে সরু হয়ে গেছে সড়ক। ওই সড়ক দিয়েই পথচারীদের ঝুঁকি নিয়ে দুর্গন্ধ সহ্য করে পথ চলতে হয়।
এলাকাবাসী জানান, দুই মাস ধরে মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারের ব্যবসায়ীরা বাজারের সব ময়লা-আবর্জনা মহাসড়কের ওপর ফেলছেন।
এ ব্যাপারে এলাকাবাসী একাধিকবার ময়লা-আবর্জনা না ফেলতে অনুরোধ করলেও ব্যবসায়ীরা শোনেননি। তাঁরা রাতে আবর্জনা ফেলতে ফেলতে মহাসড়কের পূর্ব পাশের প্রায় অর্ধেক অংশ ভরে ফেলেছেন। সড়কটি দেখভালের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরের হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পিরোজপুর গ্রামের বাসিন্দা মীর হোসেন বলেন, মহাসড়কের ওপর এভাবে ময়লা-আবর্জনা ফেলা কোনো সভ্য সমাজের মানুষ মেনে নিতে পারবে না। সড়কে ময়লার স্তূপ থাকায় ঝুঁকি নিয়ে দুর্গন্ধ সহ্য করে আমাদের পথ চলতে হচ্ছে।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মহাসড়ক সরু হয়ে যাওয়ায় সড়কের পাশ দিয়ে চলাচল করার সময় গত ২০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হন। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় উপজেলা প্রশাসনকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারের ব্যবসায়ী মনির উদ্দিন বলেন, কোথাও ময়লা-আবর্জনা ফেলার জায়গা না থাকায় আমরা এখানে ময়লা ফেলতে বাধ্য হচ্ছি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, মহাসড়কের ওপর ময়লা-আবর্জনা ফেলায় পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।