মহাসড়কের ওপর বাজার, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা থাকার পরও ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরসভার দুটি এলাকায় বিকেলে বাজার বসানো হচ্ছে। এতে যানজটের কারণে লোকজন ভোগান্তি পোহাচ্ছে। একই কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত দেড় থেকে দুই বছরে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।সরেজমিনে দেখা যায়, মাত্র আধা কিলোমিটারের মধ্যে পৌরসভা এলাকায় শেরপুর বাসস্ট্যান্ড ও কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর এসব বাজার বসেছে। স্থানীয় লোকজন জানান, প্রায় ১০ বছর ধরে বাসস্ট্যান্ড এলাকায় এবং প্রায় পাঁচ বছর ধরে কলেজ রোড এলাকায় এসব বাজার শুরু হয়। বাজারগুলো বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলে। এই দুই স্থানে ৭০টি দোকান বসানো হয়েছে। দোকান বসানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এবং সড়ক পারাপারে সমস্যা হয়। প্রায়ই মহাসড়ক পারাপারের সময় দূরপাল্লার গাড়ির ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে। দেড় বছর আগে এই অংশে সড়ক দুর্ঘটনায় উপজেলার চক্করকল্যাণী গ্রামের বাতু সরকার নিহত হন। গত কয়েক মাসে এই অংশে ২৫ জন আহত হয়েছেন। এই অংশে পান-সুপারির দোকান বসিয়েছেন জাহিদুল ইসলাম। তিনি জানান, চাকরিজীবীরা কার্যালয় থেকে ফেরার পথে এখান থেকে পান-সুপারি কিনে নিয়ে যান। তিনি এখানে এক যুগ ধরে দোকান করছেন। কাঁচামালের ব্যবসায়ী লুৎফর রহমান জানান, এখানে ব্যবসা করতে টোল দেওয়া লাগে না। ক্রেতারাও যাওয়ার পথে সহজে পাওয়ায় এখান থেকে শাকসবজি ও তরকারি কিনে নিচ্ছেন। উপজেলা বাস মালিক সংগঠনের সভাপতি নূরুল ইসলাম জানান, বাজারের কারণে মহাসড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ কারণে ওই দুটি স্থানেই দুর্ঘটনা ঘটে থাকে। তাঁরা বাজার অপসারণে ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গত এক বছরে বাসস্ট্যান্ড ও কলেজ রোড বাজার এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনায় নিহত ও আহতের পরিসংখ্যান এই মুহূর্তে তাঁর জানা নেই। তিনি আরও জানান, পৌর কর্তৃপক্ষ বাজার দুটি অপসারণে এগিয়ে এলে পুলিশ সহযোগিতা করবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শেরপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, মহাসড়কের ওপর বাজার না বসানোর সরকারি নির্দেশনা রয়েছে। বাজারগুলো উচ্ছেদ করার জন্য তাঁদের দপ্তর থেকে স্থানীয় উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শেরপুর পৌরসভার কাউন্সিলর ফিরোজ আহমেদ ও তাপস মালাকার জানান, পৌরসভার মহাসড়ক এলাকা থেকে ওই বাজার দুটির দোকানমালিকদের অপসারণের জন্য মাইকিং করা হয়েছে। এর পরও বাজার অপসারণ করা হয়নি। এ বিষয়ে পৌর পরিষদের সভায় আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান জানান, মহাসড়কে বাজার গড়ে তোলার আইনগত কোনো বৈধতা নেই। বাজারগুলো অপসারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।