মহাসড়কের ওপর বাজার ঝুঁকি নিয়ে যান চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী এলাকায় মহাসড়কে হাটবাজার বসায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ কারণে প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শঠিবাড়ী বন্দর এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে প্রায় দুই একর জায়গা নিয়ে একটি হাট রয়েছে। এখানে প্রতিদিন বাজার বসে এবং সপ্তাহে দুদিন হাট বসে। ১২ মার্চ সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের প্রায় ৪০০ গজ এলাকাজুড়ে বিক্রেতারা পসরা বসানোয় যান চলাচলের রাস্তা সরু হয়ে পড়েছে। এর মধ্যে বেশির ভাগ পসরায় ডালি, কুলা ও বাঁশের চাটাই দিয়ে তৈরি পণ্য রাখায় যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। স্থানীয় লোকজন জানান, ওই এলাকায় সড়কের এ চিত্র প্রতিদিনের।পুলিশ জানায়, গত তিন মাসে ওই এলাকায় দুর্ঘটনায় দুজন ভ্যানচালক মারা গেছেন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছে অনেকে। মহাসড়কের ওপর মালামালের পসরা সাজিয়ে রাখা ব্যবসায়ী আনসার আলী বললেন, ‘১০-১২ বছর ধরে এই রাস্তার পাশোত ব্যবসা করি আসছি।’ বাঁশের চাটাই ব্যবসায়ী মতিউর রহমান বলেন, ‘রাস্তার যে জায়গাত ব্যবসা করি, এই জায়গা দিয়া গাড়ি চলে না বলে এটে ব্যবসা করি আসতছি।’ একই ধরনের কথা বলেন আরও কয়েকজন ব্যবসায়ী।শঠিবাড়ী হাটের ইজারাদার মিলন প্রধান বলেন, হাটের নির্ধারিত স্থান থাকার পরও ব্যবসায়ীরা মহাসড়কের পাশে মালামাল রেখে ব্যবসা করছেন। এটি ইজারাদারের দেখার বিষয় নয়।মিঠাপুকুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনসার আলী বলেন, মহাসড়কের দুই ধারে কিংবা সড়কে এমন হাটবাজার বসায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। এ কারণে দুর্ঘটনাও ঘটছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।