মহাসড়কের ওপর বাসস্ট্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিআরটিসির বাস ডিপো থাকলেও সেখানে যাত্রী ওঠানামা করে না। শহরের গুরুত্বপূর্ণ মেডিকেল মোড় এবং এর প্রায় ২০০ গজ দূরে মহাসড়ক লাগোয়া দুটি বাসস্ট্যান্ড হয়েছে। সেখানেই চলে যাত্রী ওঠানো-নামানো। এর ফলে ওই এলাকায় সবার চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বিআরটিসির বাস ডিপো সূত্রে জানা যায়, শহর থেকে একটু দূরে এই বাস ডিপো হওয়ায় সেখানে যাত্রীরা যেতে চান না। এ কারণে শহরের মেডিকেল মোড় এবং এর একটু পাশে দুটি বিআরটিসি বাস কাউন্টার করা হয়েছে। সেখান থেকেই যাত্রীরা ওঠানামা করেন। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রায় ৫০০ গজ দূরে মহাসড়ক-সংলগ্ন বিশাল এলাকা নিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপো। সরেজমিনে দেখা গেছে, এই বাস ডিপোতে বেশ কয়েকটি বাস আছে। কিন্তু সেখানে তেমন যাত্রী নেই। তবে দূরপাল্লার দক্ষিণাঞ্চলের বাসগুলো সেখানে কিছুক্ষণের জন্য থেমে আছে। আর উত্তরাঞ্চলের কয়েকটি জেলার বাস সেখানে নেই।
বাস ডিপো সূত্র জানায়, মেডিকেল মোড়ের স্ট্যান্ডটি কয়েক বছর ধরে এখানে। সম্প্রতি রাস্তা সম্প্রসারণ হওয়ায় জায়গা কমে গেলে এর একটু পাশে আরেকটি স্ট্যান্ড করা হয়। এর মধ্যে মেডিকেল মোড়ের স্ট্যান্ড থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় যেতে এই স্ট্যান্ড থেকে বাস চলাচল করে। আর দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় যেতে মোড়ের প্রায় ২০০ গজ দূরের স্ট্যান্ডে যাত্রীদের যেতে হয়।
শহরের গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মেডিকেল মোড় ও এর আশপাশের এলাকা। এই স্থানের মধ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং দ্য মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজ রয়েছে। প্রতিষ্ঠান দুটির কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন যাওয়া-আসা করে। এ ছাড়া রয়েছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, কয়েকটি কিন্ডারগার্টেনসহ একাধিক বেসরকারি ক্লিনিক, হাসপাতাল।
কথা হয় রিকশাচালক আবদুস সালামের সঙ্গে। তিনি বলেন, বাস দাঁড়িয়ে থাকলে সড়ক দেখতে তাঁদের অসুবিধা হয়। দুর্ঘটনার আশঙ্কা থাকে সব সময়।
বিআরটিসি বাস ডিপো রংপুর কার্যালয়ের ব্যবস্থাপক (অপারেশন) মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘সড়ক বিভাগের সঙ্গে মৌখিক আলোচনা করে এটি করা হয়েছে।’
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুব উল আলম খান বলেন, এভাবে সড়কের পাশে বাসস্ট্যান্ড করতে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি তাঁরা দেখবেন।