মহাসড়কের কাজে সমস্যা আর্থিক নয়, ঠিকাদারের: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজ সম্পন্ন না হওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাস্তা নির্মাণের কাজে আর্থিক কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ঠিকাদারের। এ জন্য এই দুই রাস্তার কাজ শেষ হতে দেরি হচ্ছে।

আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (বিসিসিআই) নবনির্বাচিত কমিটির সঙ্গে অনুষ্ঠিত সভায় মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী সেখানে আগামী অর্থবছর থেকে করপোরেট কর কমানোর ইঙ্গিত দিয়েছেন। মন্ত্রী বলেন, করপোরেট কর মোটেই যথোপযুক্ত নয়। এবার এটা পরিবর্তন হবেই।

সুদের হার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সুদের হার পরিবর্তন হওয়া উচিত। ৩০ বছর আগেও এটা নিয়ে কথা বলেছি। কোনো ঋণই পরিবর্তন হয়নি। সুদের হার বৃদ্ধি থাকা আমাদের চরিত্রে এসে গেছে। তিনি বলেন, ব্যাংকের লোকজনের মুনাফা অর্জনের প্রত্যাশা খুবই বেশি।
বৈঠকে ঢাকা চেম্বারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন চেম্বারের সভাপতি মো. শাজাহান খান। সেখানে তিনি সুদের হার কমানো, এনবিআরের আধুনিকায়ন ও করের আওতা বাড়ানোর দাবি জানান।