মহাসড়কের গাছ কাটা নিয়ে সওজ ও বন বিভাগের দ্বন্দ্ব
পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের কেটে ফেলা গাছ নিয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং বন বিভাগের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে। এ ব্যাপারে বন বিভাগের মামলায় সওজের একজন প্রকৌশলী জেলও খেটেছেন।সওজ সূত্রে জানা গেছে, সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২-এর (আরএনআইএমপি-২) অধীনে ২০০৮ সালের জুন থেকে পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাস-ড়কের উন্নয়নকাজ করছে মনিকো লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মহাসড়কের বৃক্ষ অপসারণে দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তাকে লিখিতভাবে অনুরোধ জানানো হলে বন বিভাগ গাছ অপসারণ করে।২৯ এপ্রিল বন বিভাগের তেঁতুলিয়া বিট কর্মকর্তা বন বিভাগের এক লাখ টাকার গাছ কাটার অভিযোগে সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানসহ ৩০-৪০ জনের নামে তেঁতুলিয়া থানায় মামলা করেন। মাহফুজুর রহমান ১১ মে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। তিন দিন পর তিনি জামিনে ছাড়া পান।মনিকো লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক বিমানকান্তি সুতার বলেন, মহাসড়কের বন বিভাগের গাছ ইতিমধ্যে তাঁরা অপসারণ করেছেন। ২৪ এপ্রিল সড়কের পঞ্চগড় প্রান্তে উন্নয়নকাজের জন্য সওজের জমিতে থাকা ২০-২৫টি গাছ অপসারণ করা হয়। আরএনআইএমপি-২ প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ অভিযোগ করেন, বন বিভাগ সরকারি নির্দেশনা অমান্য করে শুধু হয়রানি করার লক্ষ্যে উদ্দেশ্যমূলকভাবে এ মামলা করেছে। কারণ সওজ ও বন বিভাগের মধ্যে সমঝোতা স্মারক অনুযায়ী গাছের মালিকানা নিয়ে কোনো বিরোধ দেখা দিলে তা পারস্পরিক আলোচনার ভিত্তিতে নিষ্পত্তি করার কথা। তেঁতুলিয়া বনবিট কর্মকর্তা আবদুল হামিদ বলেন, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে তিনি মামলা করেছেন। যেসব গাছ কাটা হয়েছে, সেগুলো বন বিভাগের। বিভাগীয় বন কর্মকর্তা মো. জহুরুল আলম টেলিফোনে বলেন, যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো চিহ্নিত করা ছিল না। এসব গাছ বন বিভাগের বলে তিনি জানেন। তাঁর নির্দেশে মামলা হয়েছে, এটা ঠিক নয়।