মহাসড়কের জন্য বিদ্যালয়ের জমি অধিগ্রহণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়ক চার লেনে উন্নীত করতে বিদ্যালয়ের জমি অধিগ্রহণ না করার দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন হয়েছে। উপজেলার দেওহাটা এ জে উচ্চবিদ্যালয় ও দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার সকালে মহাসড়কের দেওহাটা এলাকায় এ মানববন্ধন করে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজে দেওহাটায় দুটি স্কুলের জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জে বিদ্যালয়ের একটি পাকা একতলা ভবন ও একটি দোতলা ভবন এবং দেওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ এই অধিগ্রহণের আওতায় পড়েছে। এর প্রতিবাদে বিদ্যালয় দুটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মহাসড়কের দেওহাটায় গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন।এ জে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, মহাসড়কের দক্ষিণ পাশে পর্যাপ্ত জমি রয়েছে। উত্তর পাশ থেকে যদি নতুন করে ভূমি অধিগ্রহণ করা হয়, তবে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের অস্তিত্ব সংকটে পড়বে। প্রতিষ্ঠানটি রক্ষার জন্য তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে জানতে সড়ক ও জনপথের (সওজ) মির্জাপুরের উপবিভাগীয় প্রকৌশলী মামুনুর রশীদের মুঠোফোনে ফোন করার চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।