ঝিনাইদহে মহাসড়কের একটি বাঁকে বিশাল আকৃতির বিলবোর্ড নির্মাণ করছে একটি বিজ্ঞাপনী সংস্থা। এতে সড়কের সামনের অংশ ঢেকে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া মোড়ে এ বিলবোর্ড নির্মাণ করা হচ্ছে। খুলনা-কুষ্টিয়া মহাসড়কের এ স্থানটা এতটাই বাঁকা যে আগে থেকেই সেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।
সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, চুটলিয়ার মোড় এমনিতেই দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে পরিচিত। তাঁরা ওই এলাকায় দুর্ঘটনা কমাতে চেষ্টা করছেন। ইতিমধ্যে সেখানে সড়ক প্রশস্ত করার কাজ শুরু করেছেন। বাঁকের দুই পাশের গাছপালা পরিষ্কার করা হয়েছে। এমন একটা স্থানে বিলবোর্ড নির্মাণ করা হলে তাঁদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সেখানে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে।
সরেজমিনে গত বুধবার দেখা যায়, ঝিনাইদহ শহর থেকে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক ধরে তিন কিলোমিটার গেলেই চুটলিয়া মোড়। এ স্থানে সড়কটি আনুমানিক ৯০ ডিগ্রি বাঁক নিয়েছে। সড়কটি কিছুটা সোজা করার স্বার্থে ওই স্থানে সড়কের দুদিকেই ১৫-১৫ ফুট করে প্রশস্ত করা হয়েছে। সেখানে সড়কের পশ্চিম দিকে সড়ক থেকে ৫০ ফুট দূরে বিশাল আকৃতির একটা বিলবোর্ড বানানো হচ্ছে। মাপ আনুমানিক প্রস্থ ৩৬ ফুট আর দৈর্ঘ্য ৬৬ ফুট হবে। বিলবোর্ড স্থাপনের কাজ এখন প্রায় শেষের দিকে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, যে স্থানে বিলবোর্ড তৈরি করা হচ্ছে সেটা চুটলিয়া গ্রামের জাহিদুল ইসলামের জায়গা। তিনি একটি বিজ্ঞাপনী সংস্থাকে জায়গাটি ভাড়ায় দিয়েছেন। জমির মালিক জাহিদুল ইসলাম দাবি করেন, এই বিলবোর্ড কোনো সমস্যা করবে না। কারণ এটি অনেক উঁচু করে বানানো হচ্ছে।
তবে স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, এই বিলবোর্ড নির্মাণ শেষ হলে এক প্রান্ত থেকে আসা গাড়িগুলো অপর প্রান্ত থেকে দেখা যাবে না। ফলে দুর্ঘটনা ঘটবে। রেজাউল ইসলাম নামের একজন ট্রাকচালক বলেন, স্থানটি খুবই বাঁকা। তাঁদের গাড়ি চালিয়ে এই বাঁক অতিক্রম করতে এমনিতেই কষ্ট হয়। সেখানে এই বিলবোর্ড নির্মাণ করা হলে দুর্ঘটনা এড়ানো কঠিন হবে।
স্থানীয় বাসিন্দা ও সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, এমন একটা বাঁকের কাছে কিছুতেই বিলবোর্ড নির্মাণ করতে দেওয়া ঠিক হবে না। যেখানে সড়ক প্রশস্ত করাসহ অন্যান্য উদ্যোগের মাধ্যমে স্থানটা নির্বিঘ্ন রাখা দরকার, সেখানে বিলবোর্ড নির্মাণ করা হলে স্থানটিকে আরও দুর্ঘটনাপ্রবণ বানিয়ে ফেলবে।
ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম আজাদ খান বলেন, এমন একটা স্থানে বিলবোর্ড নির্মাণের বিষয়টি আসলেই খুব খারাপ হচ্ছে। তাঁরা জেলা প্রশাসকের সহযোগিতা নিয়ে সেটি অপসারণ করার ব্যবস্থা নেবেন।