মহাসড়কের দুই পাশের স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাড়তি আর্থিক সুবিধার আশায় যাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনকরণ প্রকল্পের কাজ শুরুর আগে দুই পাশে রাতারাতি স্থাপনা নির্মাণ করেছেন, তাঁদের নিজ দায়িত্বে তা সরিয়ে নিতে হবে। অন্যথায় সরকারি নিয়ম মোতাবেক স্থাপনা তুলে দিতে বাধ্য হব।’
মন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা পরিদর্শনের সময় টাঙ্গাইলের মির্জাপুর বাইপাসে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের চৌরাস্তা থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে তিন হাজার ৬৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয় হবে। আগামী ডিসেম্বরে এর দরপত্র প্রক্রিয়া শেষে জানুয়ারিতে কাজ শুরু হবে।
এ সময় চার লেনের এই মহাসড়কের প্রকল্প ব্যবস্থাপক জিকরুল ইসলাম বলেন, মহাসড়কটি সার্ক হাইওয়ে করিডোর ৪, এশিয়ান হাইওয়ে ২ এবং এশিয়ান হাইওয়ে ৪১-এর অংশ হিসেবে ব্যবহৃত হবে।
এ সময় স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, জেলা প্রশাসক মো. মাহাবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।