মহাসড়কের পাশে অবৈধ বাজার
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের কয়েকটি জায়গায় অবৈধভাবে হাটবাজার গড়ে তোলা হয়েছে। ওই সব বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন পুলিশ ও স্থানীয় মার্কেটের মালিকেরা টাকা নেন বলে অভিযোগ পাওয়া গেছে।মহাসড়কের পাশে বাজার বসানোর কারণে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী জানান, গাজীপুর সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে গড়ে উঠেছে ১৮০টি দোকান। এগুলোর বেশির ভাগই সবজি ও প্রসাধনসামগ্রীর দোকান। মহাসড়কে ব্যবসা করার জন্য এসব দোকানের মালিককে পাশের মার্কেটের মালিকদের প্রতিদিন ১০৫ টাকা করে দিতে হয়। জয়দেবপুর থানা থেকে লোক এসে প্রতিটি দোকান থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করে।সম্প্রতি সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে তোলা বাজারে গিয়ে দেখা যায়, শাকসবজি, মাছ-মাংস, মসলা, প্রসাধনসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। সন্ধ্যায় লিটন, রাজু, অহিদুল ও শুকুর আলী নামের কয়েক ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলছেন। কিসের টাকা তুলছেন—এ প্রশ্ন করলে রাজু বললেন, থানার গাড়িচালক বদরুল আলমকে এ টাকা দেওয়া হবে।বাবলু নামের এক দোকানি বলেন, এক বছর ধরে তিনি মহাসড়কের পাশে দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন। এ জন্য তাঁকে মো. ফরিদ হোসেনকে প্রতিদিন ১০৫ টাকা এবং পুলিশকে ৩০ টাকা করে দিতে হয়। টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হয় না।সাইনবোর্ড এলাকার নাঈম কমপ্লেক্সের মালিক মো. ফরিদ হোসেন বলেন, মার্কেটের সামনের দোকানগুলোর কারণে মার্কেটে বেচাকেনা বেশি হয়। তাই দোকানিদের বসতে দেওয়া হয়েছে। তিনি বলেন, দোকানিদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়, তা দিয়ে বাজারের নিরাপত্তাকর্মী ও ঝাড়ুদারদের বেতন দেওয়া হয়। আর পুলিশ যাতে তাঁদের উঠিয়ে না দেয়, সে জন্য দোকানিরা পুলিশকে টাকা দেন। জয়দেবপুর থানার কনস্টেবল (গাড়িচালক) বদরুল আলম টাকা নেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই টাকা আমরা (থানার গাড়িচালক) ভাগ করে নিয়ে হাতখরচ চালাই।’ জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গাড়িচালক টাকা নিয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।