মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন। রায়ে বলা হয়, মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল ও দুর্ঘটনা রোধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, আদালত পাঁচটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাওয়ার জন্য সংযোগকৃত মহাসড়কে কার্যকরী ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ ও দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের পাশের স্থাপনা অপসারণ করতে হবে; চালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে এবং পাঁচ বছর পর থেকে এ নিয়ম কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে; মহাসড়কের বিভাজক তৈরি, পথচারী পারাপারে পাতালপথ এবং স্কুল সিলেবাসে ট্রাফিক নিয়মের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে; মোটরযান আইনের অপরাধীর সাজা ও জরিমানা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
২০১১ সালের ৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িবহর দুর্ঘটনায় পড়ে। এতে ১১ জন নিহত হন। পরে এ ঘটনা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।