
ঈদুল আজহার আগে মহাসড়কের পাশে যাতে পশুর হাট না বসে, সে জন্য জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদের আগে ফিটনেস ছাড়া পশুবাহী গাড়ি রাস্তায় চলাচল করে। এগুলো অনেক ক্ষেত্রে রাস্তায় বিকল হয়ে পড়ে। সে ক্ষেত্রে এ ধরনের গাড়ি যেন যাত্রাই না করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন থেকে বেরিয়ে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। আজ ছিল সম্মেলনের দ্বিতীয় দিন।
সেতুমন্ত্রী আরও বলেন, সরকারের সেতু ও সড়কের কার্যক্রম দৃশ্যমান বাস্তবতা। এগুলোর মধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপেস ওয়েসহ বড় প্রকল্পগুলোর দৃশ্যমান অগ্রগতির কথা মন্ত্রী উল্লেখ করেন।
ওবায়দুল কাদের বলেন, যোগাযোগব্যবস্থায় গতি আনতে সরকার চার লেন সড়ক করলেও এসব রাস্তার ওপর বা আশপাশের জমি দখল করা হচ্ছে। এই জমি দখলমুক্ত করতে তিনি ডিসিদের নির্দেশ দেন।
এদিকে জেলা প্রশাসক সম্মেলন থেকে বেরিয়ে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, দেশে ২ হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথ রয়েছে। যেসব জেলার ওপর দিয়ে রেলপথ গেছে, সেখানে জেলা প্রশাসকেরা সব ধরনের সহায়তা করে থাকেন। সরকারের পক্ষে মাঠপর্যায়ের কর্মকর্তা হিসেবে রেলের জায়গা দেখভালসহ বিভিন্ন কাজে জেলা প্রশাসকেরা আরও বেশি সহায়তা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।