মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার ময়লা–আবর্জনা ফেলা হচ্ছে। ছবিটি গত ২৬ জুলাই দুপুরে তোলা ছবি l তৌহিদী হাসান
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার ময়লা–আবর্জনা ফেলা হচ্ছে। ছবিটি গত ২৬ জুলাই দুপুরে তোলা ছবি l তৌহিদী হাসান

কুষ্টিয়া পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে। এতে পথচারী ও যানবাহনের যাত্রীদের বিকট দুর্গন্ধ সহ্য করে ওই এলাকা পার হতে হয়। এ বিষয়ে এক ব্যক্তি জেলা প্রশাসনের ফেসবুকে অভিযোগ দেওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়েছে।
শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি গত ২২ জুলাই বিকেলে জেলা প্রশাসনের ফেসবুকে ওই অভিযোগ দেন। তিনি উল্লেখ করেন, প্রতিদিন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক দিয়ে শিক্ষার্থী, দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ কুষ্টিয়ায় যাওয়া-আসা করেন। তাঁদের প্রতিদিনই বিড়ম্বনার শিকার হতে হয়। কারণ, কুষ্টিয়া পৌরসভার মোল্লা তেঘরিয়া এলাকা থেকে কয়েক শ মিটার পূর্ব দিকে গেলেই চোখে পড়ে রাস্তার বাঁ পাশে ময়লা-আবর্জনার স্তূপ। ওই এলাকা দিয়ে যাওয়া-আসা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। এমনকি এলাকার মণ্ডল ফিলিং স্টেশন থেকে এতিমখানা পর্যন্ত মহাসড়কে বেশ কয়েকটি বড় গাছ ছিল। ময়লা-আবর্জনা ফেলার কারণে গোড়া পচে মূল্যবান গাছগুলো মরে গেছে। জেলা প্রশাসকের কাছে এর প্রতিকার চান তিনি।
গত ২৬ জুলাই দুপুরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ওপর ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। বর্তমানে সেখানে কয়েক হাজার টন আবর্জনার স্তূপ জমেছে। সড়কের অপরদিকে সবুজ গাছগাছালি রয়েছে। তবে যেদিকে ময়লা ফেলা হচ্ছে, সেদিকের বড় গাছগুলোও মরে এখন কঙ্কালসার।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। প্রতিদিন পৌরসভার ট্রাকে করে এসব ময়লা-আবর্জনা এখানে আনা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার নিযুক্ত শ্রমিকেরা প্রতিদিন বাসাবাড়ি ও বাজার থেকে প্রায় ৪০ টন ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। এর মধ্যে মাত্র ১২ টন শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে সাইবেরিয়া মাঠে স্থাপিত একটি কম্পোস্ট প্ল্যান্টে ফেলা হয়। বাকিটা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশের ওই স্থানে এবং আরও কয়েকটি জায়গায় ফেলা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মুজিব উল ফেরদৌস বলেন, ‘ফেসবুকে অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আশা করছি একটা সুরাহা হয়ে যাবে।’
মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলায় জনসাধারণের চলাচলে দুর্ভোগেরÑবিষয়টি শিকার করেন কুষ্টিয়া পৌরসভার একজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, এত ময়লা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না। তা ছাড়া যেখানে ময়লা ফেলা হচ্ছে, সেখানে মহাসড়কের পাশে ব্যক্তিমালিকানাধীন বড় খাল রয়েছে। ওই জমির মালিকেরাও চাইছেন, তাঁদের জমি ভরাট হয়ে যাক। তাই সেখানে ময়লা ফেলা হচ্ছে।
কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ময়লা ফেলার জন্য নির্ধারিত জায়গা ঠিক করতে একটি কমিটির মাধ্যমে আলোচনা চলছে। তাঁরা আশা করছেন, বিষয়টির দ্রুত সমাধান হবে।