মহাসড়কের পাশে সবজির আড়ত, যানজট
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সবজির আড়ত বসানো হয়েছে। এতে প্রতিদিন মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক-সংলগ্ন সবজি ও কাঁচামালের আড়ত আছে। স্থানীয় আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি এ আড়তের মালিক। এখন সবজির সরবরাহ বেড়ে গেছে। এ সুযোগে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে সবজির অস্থায়ী আড়ত বসিয়ে চাষিদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।
সবজিচাষি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা সদরের উত্তরাঞ্চল ও সাটুরিয়া উপজেলায় শীতকালীন সবজির প্রচুর আবাদ হয়। এবার ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা, করলা, লাউসহ বিভিন্ন সবজির আবাদ করেছেন চাষিরা। এসব সবজি বিক্রির জন্য রিকশা ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে ওই আড়তে নিয়ে যান চাষিরা। কিন্তু সেখানে জায়গা না হওয়ায় মহাসড়কের দুই পাশেও অস্থায়ী আড়ত বসিয়েছেন আবদুর রাজ্জাক। চাষিদের কাছ থেকে এসব সবজি কিনে পাইকার-ব্যবসায়ীরা ঢাকার কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে পাঠান। এখানে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত সবজি কেনাবেচা চলে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। মাঝেমধ্যে যানজট সড়কের দুই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
গতকাল শনিবার বিকেলে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে রিকশা ভ্যান ও অটোরিকশায় করে চাষিরা আড়তে সবজি নিয়ে আসছেন। কিন্তু সেখানে জায়গা না হওয়ায় আড়ত-সংলগ্ন মহাসড়কের দুই পাশে রাখা হচ্ছে সবজি। এসব সবজি কেনার পর ট্রাক, পিকআপ ও ছোট ছোট যানবাহনে তোলা হচ্ছে। এতে সড়কে যানজট তৈরি হয়েছে। গোলড়া হাইওয়ে পুলিশের দুজন সদস্যকে যানজট নিরসনে দেখা গেলেও তাঁরা পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না।
সদর উপজেলার ঢাকুলি গ্রামের চাষি শফিউল আলম ৫৫০টি ফুলকপি আড়তে নিয়ে আসেন। আড়তদারের নিয়োজিত কর্মচারী শহিদুল ইসলামের কথামতো ওই ফুলকপিবোঝাই একটি যান মহাসড়কের পাশে রাখা হয়। আধঘণ্টা পর ওই চাষি প্রতিটি কপি আট টাকা দরে এক ব্যবসায়ীর কাছে ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। এ জন্য তাঁকে ২২০ টাকা দিতে হয় আড়তদারকে। এ বিষয়ে শহিদুল বলেন, আড়তে জায়গা না থাকায় মহাসড়কের পাশে সবজি রাখা হচ্ছে।
স্থানীয় ধানকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ার হোসেন বলেন, মহাসড়কের পাশে আড়ত বসানোয় যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া মাঝেমধ্যে সড়ক দুর্ঘটনাও ঘটছে। তিনি আরও বলেন, ‘মহাসড়কের পাশেই হাইওয়ে থানা। তবু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুনেছি, পুলিশের সঙ্গে আড়তদারের লেনদেন রয়েছে।’
পুলিশকে টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আবদুর রাজ্জাক বলেন, আড়তে জায়গা না হওয়ায় চাষিরাই মহাসড়কের পাশে সবজি রাখছেন। যানজট নিরসনে তাঁর (রাজ্জাক) লোকজনের পাশাপাশি হাইওয়ে পুলিশ কাজ করছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, আড়ত বা হাটবাজারের বিষয়গুলো দেখভালের দায়িত্ব প্রশাসনের। আর যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশকে কেন টাকা দেবে? বিষয়টি আমার জানা নেই।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফারজানা সিদ্দিকী বলেন, ‘আমি ট্রেনিংয়ে আছি। পরে খোঁজখবর নিয়ে অভিযান চালানো হবে।’