সরকার সড়ক দুর্ঘটনায় আহত মুমূর্ষু রোগীদের জরুরি সেবা দিতে মহাসড়ক-সংলগ্ন উপজেলা হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ট্রমা ইউনিট স্থাপন করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে চাহিদার তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম। বর্তমানে নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকের সংখ্যা ৭৭ হাজার। ডেন্টাল সার্জন ৬ হাজার ৯৭৬ জন। মঞ্জুরিকৃত নার্সের সংখ্যা ২২ হাজার ৯৩৯ জন। নার্সের জন্য নতুন ১০ হাজার পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৬১৬টি পদে নিয়োগ প্রক্রিয়াধীন আছে।
এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, ২০২৩ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দরের কাজ শেষ করা হবে। তিন ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।