মহাসড়কের পাশে ২৬ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে তমাল আহমেদ মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে তাকে বগুড়া-রংপুর মহাসড়ক পার হতে হয়। তাই তমালের অভিভাবকেরা তাকে একা ছাড়তে পারেন না। কখনো বাবা, কখনো মা বা অন্য কোনো আপনজন তাকে মহাসড়ক পার করে দিয়ে যান। আবার বিদ্যালয় ছুটির সময় হলে তাকে বাড়ি নিয়ে যান। আনোয়ারুল ইসলাম বলেন, ‘মহাসড়কে সব সময় যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। কখন যে কী হয়, বলা যায় না। তাই একা ছেলেটারে ছাড়লে বুকটা মোচড় দিয়া ওঠে।’মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়া-রংপুর মহাসড়কের পাশে অবস্থিত। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রী পারাপারের জন্য জেব্রাক্রসিং নেই। নির্মাণ করা হয়নি কোনো গতিরোধক। এ অংশে যানবাহন চালকদের সতর্ক করার জন্য ‘সামনে স্কুল ধীরে চলুন’—এ ধরনের কোনো সাইনবোর্ডও টাঙানো হয়নি। এসব কারণে অনেক শিক্ষার্থীর অভিভাবকই আনোয়ারুল ইসলামের মতো তাঁদের সন্তানদের নিয়ে চরম উৎকণ্ঠায় থাকেন।এলাকাবাসী জানান, এই মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহাস্থান থেকে রহবল পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দিয়ে প্রতিদিন উত্তরাঞ্চলের আট জেলার হাজারো যানবাহন চলাচল করে। এই অংশ দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এই ঝুঁকিপূর্ণ অংশের দুই পাশেই ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুই পাশে মহাস্থান কলেজ, চন্ডিহারা বালিকা উচ্চবিদ্যালয়, আলোর মেলা আদর্শ কিন্ডারগার্টেন, চন্ডিহারা এলাহী ভরসা মাদ্রাসা, সানবিম মাল্টিমিডিয়া স্কুল, চকপাড়া ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুল, চকপাড়া ওহাবুল উলুম আলিম মাদ্রাসা, চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিভা মডেল স্কুল, গোল্ডেন চাইল্ড এডুকেশন স্কুল, মোকামতলা শাহ মোকাম আলীম উদ্দিন দাখিল মাদ্রাসা, মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামতলা উচ্চবিদ্যালয়, মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়, মোকামতলা মহিলা মহাবিদ্যালয়, বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরিয়া মাতৃমায়া কিন্ডারগার্টেন, ভরিয়া উচ্চবিদ্যালয়, ভরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেধাবী কিন্ডারগার্টেন স্কুল, রহবল আলা নূর দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা, দি প্যাসিফিক কিন্ডারগার্টেন, রহবল কিন্ডারগার্টেন, রহবল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহবল উচ্চবিদ্যালয় ও রহবল বালিকা উচ্চবিদ্যালয় গড়ে উঠেছে।মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘স্কুল শুরু ও ছুটির সময় অভিভাবকদের সঙ্গে শিক্ষকেরাও উৎকণ্ঠায় থাকেন। আমরা দীর্ঘদিন ধরে মোকামতলা বাজারে একটি পদচারী-সেতু (ওভারব্রিজ) স্থাপনের আবেদন করে আসছি। কিন্তু এ দাবি পূরণে কেউ এগিয়ে আসছে না।’ রহবল কিন্ডারগার্টেনের পরিচালক সঞ্জীব সরকার বলেন, কিছুদিন আগে তাঁদের এলাকায় দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এরপর এলাকাবাসী রহবল বাজারে গতিরোধক স্থাপনের দাবিতে মিছিল ও সভা করেন। কিন্তু তাঁদের এ দাবি আজও পূরণ হয়নি।গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়ক পুলিশের পরিদর্শক (ওসি) ফারুক আহমেদ বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীর নেই, সেসব প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে সীমানাপ্রাচীর দেওয়া দরকার। এ ছাড়া সামনে গতিরোধক দেওয়া যেতে পারে।