মহাসড়কের পাশের ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার তরকারি বাজারের আশপাশের পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় বছরের পর বছর ধরে ওই সব স্থাপনা গড়ে উঠেছিল। উচ্ছেদের ফলে মহাসড়কে যানজট কমবে বলে মনে করছে কর্তৃপক্ষ। জেলা প্রশাসন ও সওজ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আউয়াল, সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন, বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমানসহ পুলিশের বিপুলসংখ্যক সদস্য। অভিযানের আগে মাইকযোগে অবৈধ স্থাপনার মালামাল সরানোর জন্য দোকানিদের দৃষ্টি আকর্ষণ করা হয়।উচ্ছেদ অভিযানের সময় দোকানদারেরা কোনো প্রতিক্রিয়া দেখাননি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানি প্রথম আলোকে বলেন, বিভিন্ন সরকারের সময় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকে অর্থ দিয়ে তাঁরা এসব দোকান গড়ে তোলেন। কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আউয়াল প্রথম আলোকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ ও যানজট নিরসনে গতকাল আরসিসি পিলার ও টিন শেডের পাঁচ শতাধিক দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়। মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ও ইলিয়টগঞ্জে আগামী সপ্তাহে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। নিমসার তরকারি বাজারের কারণে মহাসড়কে প্রতিদিন সকালে গাড়ির জটলা বাধে। এই যানজট দুই-তিন ঘণ্টা স্থায়ী হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে ব্যাপক বেগ পেতে হয়। অবৈধ স্থাপনা সরাতে এক মাস আগে দোকানদারদের নোটিশ দেওয়া হলেও তাঁরা তা আমলে নেননি। জেলা প্রশাসন গত শনিবার ওই এলাকায় মাইকিং করে অবৈধ দোকানঘর সরিয়ে ফেলার নির্দেশ দেয়। কিন্তু ব্যবসায়ীরা সেগুলো সরাননি। গতকালও প্রশাসন সকাল ১০টা থেকে এক ঘণ্টা সময় দেয়। এ সময় লোকজন অবৈধ স্থাপনা না সরিয়ে গা-ঢাকা দেয়।