যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই বেহাল দশা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার রাজধানীর তেজকুনী পাড়ায় এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি বলেন, রাস্তা সংস্কারের কোটি কোটি টাকা এই সরকার লুটপাট করেছে। ফলে সারা দেশের যোগাযোগব্যবস্থা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। তিনি অবিলম্বে মহাসড়কগুলো মেরামত করে যানবাহন চলাচলের উপযুক্ত করে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান। কোরআন শিক্ষা মিশন ‘রমজানের শিক্ষা ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। আয়োজক সংগঠনের উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেন, গত আড়াই বছরে মহাসড়কগুলোর কোনো উন্নয়ন হয়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল সড়কে কোনো সংস্কার না হওয়ায় লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়েছে। তিনি এ জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে দায়ী করেন।