মহাসড়কের মাঝে বিদ্যুতের খুঁটি, ভোগান্তি

পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ কয়েকটি এলাকায় দুর্ঘটনা কমিয়ে আনতে উঁচু সড়ক বিভাজক (নিউ জার্সি ব্যারিয়ার) বসিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এখন চলছে মহাসড়ক প্রশস্ত করার কাজ। কিন্তু প্রশস্ত মহাসড়কের মাঝে এখনো রয়েছে বিদ্যুতের অনেক খুঁটি। এতে যানবাহনচালকসহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
সওজ সূত্রে জানা গেছে, ওই মহাসড়কের ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক বিভাজক তৈরি শেষে সড়ক প্রশস্তের কাজ শুরু করে সড়ক বিভাগ। মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকার প্রশস্তের অংশে ৪৬টি বিদ্যুতের খুঁটি পড়ে। সেসব খুঁটি সরিয়ে নেওয়ার জন্য সওজ ঠাকুরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) চিঠি দিয়ে অনুরোধ করে। সে চিঠির জবাবে পিডিবি সড়কের মাঝখানের ওই ৪৬টি বিদ্যুতের খুঁটি সরানোর প্রাক্কলিত খরচ ২৬ লাখ টাকা ধরে সে পরিমাণ টাকা ব্যাংক হিসাবে জমা দিতে অনুরোধ করে। কিন্তু সড়কের খুঁটি সরানোর খাতে টাকা বরাদ্দ না থাকায় এখনো সে টাকা জমা দিতে পারেনি সওজ।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে সালন্দর চৌধুরীহাট ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, সড়ক প্রশস্তের কাজ চলছে। প্রশস্ত করতে গিয়ে বিদ্যুতের অনেক খুঁটি মহাসড়কের পাঁচ-ছয় ফুট ভেতরে পড়েছে। সেসব খুঁটি না সরিয়েই সালন্দর এলাকার মহাসড়ক প্রশস্তের কাজ শেষ করা হয়েছে। ঝুঁকি নিয়ে বিদ্যুতের খুঁটি এড়িয়ে মহাসড়কে যানবাহন চলাচল করছে। এ ছাড়া শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় প্রাণী সম্পদ বিভাগের কার্যালয়ের সামনেও সড়ক প্রশস্তের পর বৈদ্যুতিক খুঁটি সড়কের মাঝে রেখেই চলছে বিটুমিন প্রলেপ দেওয়ার কাজ।
সালন্দর এলাকার বাসিন্দা আখতারুজ্জামান চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে সড়ক প্রশস্ত করা হয়েছে, এতে সবাই বেশ খুশি। কিন্তু রাস্তার মাঝখানের বিদ্যুতের খুঁটিগুলো দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।
ব্যাটারিচালিত অটোরিকশাচালক আবদুল আউয়াল বলেন, দুই দিন হলো রাস্তার কাজ শেষ হয়েছে। এর মধ্যেই তিনটি ইজিবাইক রাস্তার খুঁটির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁদের ইজিবাইকের কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হয়েছে।
বাসচালক আমির আলী বলেন, বাস চালানোর সময় সালন্দর এলাকায় রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি হঠাৎ সামনে এসে দাঁড়ায়। একটু অমনোযোগী হলেই দুর্ঘটনা ঘটবে। দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য দ্রুত এই খুঁটিগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী বলেন, বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝে রেখেই সড়ক প্রশস্ত করার ফলে একদিকে যেমন দুর্ঘটনার আশঙ্কা থাকছে, অন্যদিকে পরে ওই খুঁটিগুলো অপসারণ করতে হলে আবার রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হবে। এতে অর্থেরও অপচয় হবে।
পিডিবির নির্বাহী প্রকৌশলী আলমগীর মাহফুজুর রহমান বলেন, যে দপ্তরের প্রয়োজনে স্থাপনা সরানো হবে, সে দপ্তরকে সব ব্যয়ভার বহন করতে হয়, এটাই নিয়ম। সওজের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের খুঁটিগুলো সরানোর প্রাক্কলিত খরচ নির্ধারণ করে নীতিমালা মেনে প্রাক্কলিত খরচের টাকা জমা দিতে বলা হয়। কিন্তু সওজ কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নেয়নি। খুঁটিগুলো সরানোর খরচ পেলেও তা সরাতে কিছুদিন সময় লেগে যাবে।
এ বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বিদ্যুতের খুঁটি সরানোর টাকা আলাদা করে বরাদ্দ ছিল না। এখন ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) সংশোধন করে খুঁটি সরানোর খরচ দ্রুত সংগ্রহের পদক্ষেপ নেওয়া হচ্ছে।