মহাসড়কের ৪০ কিমিতে খানাখন্দ দুর্ভোগে মানুষ

রংপুর-ঢাকা মহাসড়কের রংপুর থেকে পীরগঞ্জের মাদারপুর পর্যন্ত ৪০ কিলোমিটার অংশে চলাচলে নেমে এসেছে দুর্ভোগ। সড়কটির এই অংশ খানাখন্দে ভরে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ কমাতে খানাখন্দে ভরা সড়কের এই অংশের কোথাও কোথাও জরুরি ভিত্তিতে ইট ফেলা হলেও তা কোনো কাজেই লাগেনি।
সরেজমিনে দেখা যায়, সড়কটির এই ৪০ কিলোমিটারের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা পীরগঞ্জ উপজেলার মাদারপুর, শায়েস্তাপুর, পাকাপুল, খেজমতপুর, পীরগঞ্জ বাসস্ট্যান্ড ও বন্দর, কলাবাগান ও বড়দরগা, মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী, জায়গীরহাট, বলদিপুর, বৈরীগঞ্জ, দমদমা ও রংপুর নগরের মডার্ন এলাকা।
সরেজমিনে মহাসড়কের রংপুর এলাকার মডার্ন মোড় থেকে পীরগঞ্জ পর্যন্ত পুরো ৪০ কিলোমিটার মোটরসাইকেলে ঘুরে দেখা গেছে, পুরো সড়কজুড়েই অসংখ্য খানাখন্দ।
পীরগঞ্জের পাকাপুল এলাকার এক কিলোমিটার সড়কের পুরোটাই খানাখন্দে ভরা। এখানে সড়কের পিচ উঠে গিয়ে খোয়া-ইট বের হয়ে গেছে। কোথাও বড়, কোথাও ছোট গর্ত। শায়েস্তাপুর এলাকার এক থেকে দেড় কিলোমিটার জুড়ে ছোট-বড় অনেক খানাখন্দ। খেজমতপুর এলাকায় আধা কিলোমিটার সড়কেরও বেহাল অবস্থা। এখানে খানাখন্দ ঢাকতে কিছু ইট ফেলা হলেও তা যানবাহনের চাকায় তা ছড়িয়ে গিয়ে সড়কটির দশা আরও বিধ্বস্ত করে তুলেছে। মহাসড়কের কলাবাগান এলাকার দুই কিলোমিটার ও বড়দরগার আড়াই কিলোমিটার অংশও খানাখন্দে ভরে গেছে।
রাস্তার এই অবস্থা সম্পর্কে পীরগঞ্জ উপজেলার একজন কলেজশিক্ষক বজলুর রশীদ বলেন, ‘সড়ক যোগাযোগব্যবস্থায় উন্নতির কথা বলা হয় ঠিকই, কিন্তু বাস্তবে চিত্র একেবারে উল্টো। আমাদের এই এলাকার মহাসড়কের দুরবস্থা এ পর্যন্ত কোনো সংবাদমাধ্যম তুলে ধরেনি।’
মহাসড়কের মিঠাপুকুর এলাকারও চিত্র এ রকম। বড়দরগা থেকে শঠিবাড়ী দুই কিলোমিটার, জায়গীরহাট থেকে বলদিপুকুর পর্যন্ত চার কিলোমিটার, বৈরীগঞ্জ থেকে বলদিপুর চার কিলোমিটার এবং সেখান থেকে দমদমা পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে খানাখন্দ।
ঢাকাগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনের একজন চালক সিরাজুল ইসলাম বলেন, ‘এ মহাসড়কে গাড়ি চালাতে গিয়ে গাড়ির গতি তুলতে না-তুলতেই গর্তের কারণে খালি ব্রেক করতে হয়। গাড়ি চালাতে কী যে কষ্ট হয়, তা আর কী করে বোঝাই।’
রংপুর হানিফ পরিবহনের ব্যবস্থাপক আবদুল হোসেন বলেন, রাস্তায় আগে এত গর্ত কখনো ছিল না। গত দুই মাসে বৃষ্টিতে পানি জমে গর্তগুলো আরও বেড়েছে। একটু পরপরই গর্তে পড়ে প্রতিদিনই গাড়ির নানা যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
এসব প্রসঙ্গে রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়কটি সংস্কারে ইট ফেলে কিছু কাজ করা হয়েছে। অতিবৃষ্টি ও গাড়ি চলাচলে তা হয়তো উঠে গিয়ে থাকতে পারে। এখনো বৃষ্টি-বাদল চলায় রাস্তা সংস্কারকাজ ধীরে চলছে।