মহাসড়কের ৮ নাশকতাকারী গ্রেপ্তার
চট্টগ্রাম জেলার বাইরে থেকে সীতাকুণ্ডে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা চালানোর দায়ে তিন ব্যক্তিসহ আট নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পেশাদার নাশকতাকারী বলে পুলিশ তাদের চিহ্নিত করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার রাজারঢিল দেলপাড়া এলাকার মৃত সোলায়মানের ছেলে শরীফুল ইসলাম (২৭), উখিয়ার লাড়পাড়ার ইমাম হোসেনের ছেলে মো. তাহের (২৮), চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আরফি নগরের আবদুল জলিলের ছেলে আবদুল হাকিম (২২) ও সীতাকুণ্ডের মোবারক হোসেন (২২), ওমর ফারুক (২৮), মো. জামাল উদ্দীন (৩৫), আবুল কালাম (২৮), মো. নাজিম উদ্দীন (২৬)। গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, উপজেলা বিএনপির কয়েকজন নেতার ছত্রচ্ছায়ায় থেকে টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা করতেন তাঁরা। তাঁদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।