মেয়র পদে থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ ব্যাপারে তিনি কিছু ব্যাখ্যা-বিশ্লেষণ দাঁড় করিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন। এতে তিনি দাবি করেন, মেয়র পদে থেকেই নির্বাচন করা সম্ভব। কিন্তু কমিশন তাঁর ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি। কমিশন বিষয়টির ব্যাখ্যা দিয়ে গতকাল মঙ্গলবার তা মহিউদ্দিনের কাছে পাঠিয়েছে। মহিউদ্দিনের দাবি প্রসঙ্গে গতকাল নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, মহিউদ্দিন চিঠিতে দাবি করেছেন, ভিন্ন একটি মামলার রায় তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। কিন্তু আইনের সরল সমীকরণ হলো, আদালত যখন কোনো আইনের ব্যাখ্যা দিয়ে রায় দেন—তা নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, আইনের অধীন সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সুতরাং তাঁকে পদত্যাগ করতেই হবে। নির্বাচন কমিশন থেকে ১৩ মে মহিউদ্দিনকে প্রথম জানানো হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে হলে মনোনয়নপত্র দাখিলের আগে তাঁকে মেয়র পদ ছাড়তে হবে। এ বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চেয়ে মহিউদ্দিন চৌধুরী নিজেও কিছু ব্যাখ্যা-বিশ্লেষণ উত্থাপন করেন। ব্যাখ্যায় মহিউদ্দিন দাবি করেন, সিটি করপোরেশনের মেয়রের পদ লাভজনক কি না, সে বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন হাইকোর্টে যে রিট আবেদন করেছিলেন তা ছিল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আদালত এ মামলার রায় দেন ২০০৯ সালের ২৪ মে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২০০৯ সালের ১৫ অক্টোবর প্রণীত আইনে। কাজেই আদালতের এ রায় সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। মহিউদ্দিন দাবি করেন, আইনের ৬ ধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ হবে করপোরেশনের প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা হয় ২০০৫ সালের ২৬ জুন। সে ক্ষেত্রে করপোরেশনের মেয়াদ উত্তীর্ণ হবে ২০১০ সালের ২৫ জুন। তাই মেয়াদ পূর্তির আগেই মেয়রের পদত্যাগ যৌক্তিক নয়। মহিউদ্দিন চৌধুরীর চিঠির জবাবে নির্বাচন কমিশন থেকে আইনের বিভিন্ন ব্যাখ্যা-বিশ্লেষণ দিয়ে জানানো হয়, মেয়র সাদেক হোসেনের মামলার রায়ে বলা হয়েছে, মেয়রের পদটি সার্বক্ষণিক লাভজনক পদ। আদালতের এই রায় শুধু খোকার জন্য নয়, সব মেয়রের জন্যই প্রযোজ্য। সিটি করপোরেশন নির্বাচনী আইনের ৯ ধারায় বলা হয়েছে, সিটি করপোরেশনের লাভজনক পদে থেকে মেয়র বা কাউন্সিলর পদে প্রার্থী হওয়া যাবে না। ব্যাখ্যায় আরও বলা হয়, সিটি করপোরেশনের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর হবে। আইনের এ ধারাটি মেয়রের জন্য নয়, করপোরেশনের জন্য প্রযোজ্য।