মহিউদ্দিন ও মন্জুরের বাড়িতে আর্জেন্টিনার পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের মাঠে তাঁরা দুজন প্রতিদ্বন্দ্বী। তবে এক জায়গায় তাঁদের মিল আছে, তাঁরা দুজনই ফুটবল-ভক্ত। দুজনেরই বাড়িতে উড়তে দেখা গেছে আর্জেন্টিনার পতাকা।এই দুই জন হলেন ১৭ জুনের নির্বাচনে মেয়র পদের প্রধান দুই প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং এম মন্জুর আলম। মহিউদ্দিন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবং মন্জুর বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী।গতকাল শুক্রবার সকালে নগরের চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাড়ির সামনে গিয়ে দেখা যায়, চারতলা ওই বাড়ির ছাদে উড়ছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল আর্জেন্টিনার পতাকা। ওই পতাকার ওপর উড়ছে বাংলাদেশের পতাকা। বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন—এ প্রশ্নের জবাবে বিকেলে নন্দনকাননে প্রধান নির্বাচনী কার্যালয়ে বসে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এখন নির্বাচনী খেলা নিয়ে বেশি ব্যস্ত। তবে বিশ্বকাপের খেলা দেখবই। এ মুহূর্তে বলব না, কোন দলকে সমর্থন করি।’এদিকে উত্তর কাট্টলীতে মন্জুর আলমের বাড়িতেও উড়তে দেখা গেছে আর্জেন্টিনার পতাকা। পাঁচতলা ওই বাড়িতে দুই দিন আগে ওই পতাকা উড়ানো হয়। নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকায় এ বিষয়ে মন্জুর আলমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর ছেলে সারোয়ার আলম বলেন, ‘আব্বা কোন দলকে সমর্থন করেন, সেটা এখন বলা যাবে না।’