মহিউদ্দিন চৌধুরী দুই বিচারকের বিয়ে দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চশমা হিলের নিজ বাসভবনে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই বিচারকের বিয়ে দিলেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিয়ের অনুষ্ঠানে নগরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই বিচারকই সাবেক মেয়রের দূরসম্পর্কের আত্মীয় বলে জানা গেছে।
গতকাল দুপুরে খাগড়াছড়ির বিচারিক হাকিম সাইফুল আলম চৌধুরীর সঙ্গে হবিগঞ্জের বিচারিক হাকিম শামসাদ বেগমের বিয়ে দেন মহিউদ্দিন চৌধুরী। বিয়ের অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন ছাড়াও কয়েকজন বিচারক ও স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিচারিক হাকিম সাইফুল আলম চৌধুরী ও শামসাদ বেগম চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন শাস্ত্রে পাস করেন। তাঁরা দুজনই মহিউদ্দিন চৌধুরীর আত্মীয়। সেই সূত্র ধরে উভয় পরিবারের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর যোগাযোগ ছিল। মহিউদ্দিন চৌধুরীর আগ্রহে উভয়ের এই বিয়ে হয়।
গতকাল বিয়ে উপলক্ষে এক হাজার লোকের ভূরিভোজের আয়োজন ছিল বলে মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব মো. ওসমান গনি জানিয়েছেন। ভূরিভোজে মুরগির রেজালা, খাসির কোরমা, গরুর রসভুনা মাংস, বিফ চিলি, গরুর নেহারি, মাছ, রসগোল্লা, ফল ও দইয়ের ব্যবস্থা ছিল।
মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দুই বিচারকই আমার আত্মীয়। ওনারা আমার নিজ হাতে গড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বিচারক হয়েছেন। তাই আমার আগ্রহে দুজনের বিয়ের ব্যবস্থা করা হয়।’