চট্টগ্রাম আদালতে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের বিরুদ্ধে জবর দখল ও হুমকি প্রদর্শনের অভিযোগে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বাদীর আইনজীবীর নাম, সিল স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আমেদ সাঈদ শুনানি শেষে নির্দেশ দেন।
চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোড এলাকায় বিরোধপূর্ণ জায়গায় বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে জায়গা দখল করতে ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের অভিযোগে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের বিরুদ্ধে গত সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈদের আদালতে মামলাটি দায়ের করেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় বাদীর আইনজীবী হিসেবে ওকালতনামায় স্বাক্ষর ও সিল রয়েছে অ্যাডভোকেট গোবিন্দ নারায়ণ রায়, অ্যাডভোকেট সুসেন কান্তি দাশ ও নুরুল আলমের। আরজিতে সুসেন কান্তি দাশের স্বাক্ষর ও সিল রয়েছে।
গতকাল আদালতে গোবিন্দ নারায়ণ রায় ও সুসেন কান্তি দাশ বলেন, স্বাক্ষর ও সিল তাঁদের নয়। জালিয়াতি করে কেউ তাঁদের নাম ব্যবহার করেছে।
তবে অ্যাডভোকেট নুরুল আলম ওই মামলায় স্বাক্ষর তার বলে আদালতকে জানান। আইনজীবীর জবানবন্দি দেওয়ার পর বিচারক মামলাটি খারিজ করে দেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ বলেন,আইনজীবীদের নাম ভাঙিয়ে কারা এ জালিয়াতি করেছে তা তদন্ত করা হচ্ছে।