মহিউদ্দিন চৌধুরীসহ তিন আসামিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুমতি ও দরপত্র ছাড়া বিজয় টেলিভিশন চালু করার দুর্নীতির মামলায় আট বছর পর অব্যাহতি পেলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। মামলাটির কার্যক্রম বাতিল করে উচ্চ আদালতের রায় পৌঁছানোর পর গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন আদেশটি নথিভুক্ত করে আসামিদের অব্যাহতির আদেশ দেন।
মামলা থেকে অব্যাহতি পাওয়া বাকি দুই আসামি হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী ও সাবেক প্রধান প্রকৌশলী মোখতার আলম।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) করা এ মামলাটিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান মহিউদ্দিন চৌধুরী। আদালত মামলার কার্যক্রম বাতিলের আদেশ দেন। আদেশটি চট্টগ্রামে পৌঁছানোর পর ধার্য দিনে বিচারক তা নথিভুক্ত করে আসামিদের অব্যাহতির আদেশ দেন। এরই মাধ্যমে মামলাটির যাবতীয় কার্যক্রমের সমাপ্তি ঘটল।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৬ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকাকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বিজয় টেলিভিশনের সম্প্রচার শুরু হয়। অনুমতি ছাড়া টিভি চালু করার অভিযোগে পরের বছরের ৮ মার্চ তৎকালীন সরকার এর সম্প্রচার বন্ধ করে দেয়। অনুমতি না নেওয়া ও কোনো দরপত্র আহ্বান না করে করপোরেশনের ১ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগে একই বছরের ২৭ মে কোতোয়ালি থানায় মামলা করা হয়। দুদক চট্টগ্রামের সাবেক উপপরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন মহিউদ্দিন চৌধুরী, করপোরেশনের সাবেক নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী, সাবেক প্রধান প্রকৌশলী মোখতার আলম ও সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ ও থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসির) পরিচালক আহমেদ ইকবাল হায়দার। তদন্ত শেষে দুজনকে বাদ দিয়ে মহিউদ্দিন চৌধুরী, ইমতিয়াজ হোসেন চৌধুরী ও মোখতার আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, আসামিপক্ষ মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৭ জানুয়ারি উচ্চ আদালত মামলাটির কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। একই সঙ্গে মামলাটি কেন অবৈধ ও বাতিল করা হবে না তা জানতে চেয়ে সরকারের কাছে রুল জারি করেন। ২০১২ সালের ১০ ডিসেম্বর উচ্চ আদালতের একটি বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করেন। পরের বছরের ২৫ ডিসেম্বর মামলার বাদী উচ্চ আদালতকে এ আদেশের বিরুদ্ধে আপিল না করার কথা জানান। গত ২৭ এপ্রিল উচ্চ আদালতের আদেশটি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে এসে পৌঁছায়।
মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী রনি কুমার দে বলেন, উচ্চ আদালতের আদেশের পর গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের অব্যাহতি দেওয়ায় এই মামলার ইতি ঘটেছে।