চট্টগ্রাম নগরের ওআর নিজাম রোড এলাকায় বিরোধপূর্ণ স্থানে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে জায়গা দখল করতে ভয়ভীতি প্রদর্শন ও জবরদখলের অভিযোগে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাঈেদর আদালতে মামলাটি দায়ের করেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। আদালত অভিযোগটি এজাহার হিসেবে নিতে নগরের চকবাজার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত বাকিরা হলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু তাহের, নিরাপত্তা কর্মকর্তা ইমরান হাফিজ, বাগমণিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, নগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরশাদুল আলম বাচ্চু, ছাত্রলীগ কর্মী ইকবাল, ঠিকাদার নাজমুল আহসান, যুবলীগ নেতা ইদ্রিস, নিমার্ণাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ফারুক, কাজল, খোকন, গাড়িচালক আলমগীর ও রাসেল।
বাদী আরজিতে উল্লেখ করেন, মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আসামিরা গত ৬ জুন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও গোলাগুলি চালান। ভয়ভীতি দেখিয়ে জায়গাটি থেকে তাঁদের উচ্ছেদ করে জবরদখল করতে চান আসামিরা।
বিরোধপূর্ণ জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে সংবাদ সম্মেলন ও পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। সর্বশেষ ৬ জুন গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় নজরুলের বিরুদ্ধে নগরের চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল নজরুল আদালতে পাল্টা মামলা দায়ের করেন৷