মহিউদ্দিন চৌধুরীকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জায়গা নিয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসে দুজনকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের ঢাকা কার্যালয়ের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন।
দুদক সূত্র জানায়, সিটি করপোরেশনের আরেক সাবেক মেয়র মনজুর আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু তিনি আসেননি।
দুদক জানায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসের ৬৫ শতক জমির মূল্য ও মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তাতে বলা হয়েছে, জমি বিক্রি করেননি এমন একাধিক ব্যক্তির জায়গা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমির দলিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার যাঁরা জায়গা বিক্রি করেছেন তাঁদের প্রকৃত মূল্য দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যদের এই অনিয়ম-দুর্নীতির জন্য দায়ী করা হয়েছে। সাবেক মেয়র মন্জুর আলম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মহিউদ্দিন চৌধুরী ও উপাচার্য অনুপম সেন ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য।
জিজ্ঞাসাবাদ করা প্রসঙ্গে কে এম মিছবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অভিযোগসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখছি। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছি। অনুসন্ধানের স্বার্থে এর বেশি কিছু বলা সম্ভব না।
জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন প্রথম আলোকে বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জায়গা নিয়ে কতিপয় ব্যক্তি দুদকের কাছে মিথ্যা অভিযোগ করেছেন। এ ব্যাপারে দুদককে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি।’