মহিউদ্দিন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা একটি মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন।আদালতে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম ও আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ মামলা পরিচালনা করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আহমেদ সোহেল।আইনজীবী হরিসাধন দেব ব্রহ্মণ প্রথম আলোকে বলেন, মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তৎকালীন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের মামলাও বাতিল হয়েছে।জানা যায়, ২০০৭ সালের ২৭ মে মহিউদ্দিন চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাটি করে। মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে স্যাটেলাইট চ্যানেল ‘বিজয় টিভি’ সম্প্রচারের নামে সিটি করপোরেশনের তহবিল থেকে বেআইনিভাবে এক কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়। এই মামলা বাতিল চেয়ে মহিউদ্দিন চৌধুরী হাইকোর্টে আবেদন করেন। প্রাথমিক শুনানির পর ২০০৮ সালে আদালত রুল জারি ও স্থগিতাদেশ দেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।