
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ আদেশ দেন।
চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘নগরের ডবলমুরিং থানায় দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় উচ্চ আদালতের নির্দেশে গতকাল মহিউদ্দিন চৌধুরীর আত্মসমর্পণের দিন ধার্য ছিল। তিনি হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ২৮ লাখ ২৯ হাজার ২৬৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক লাখ ২৩ হাজার ৪৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক চট্টগ্রামের তৎকালীন উপপরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী ডবলমুরিং থানায় মামলা করেন। পরের বছরের ২০ নভেম্বর মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য গ্রহণ চলাকালে মহিউদ্দিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। গত বছরের ২৭ নভেম্বর আদালত এই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। জামিনে থাকা মহিউদ্দিন চৌধুরী গতকাল হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে এই মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলো।