মহিউদ্দিনসহ ছয়জনের অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন তানভীর আহমেদ, তৌহিদুল আলম চঞ্চল, সাইদুর রহমান ওরফে রাজিব, কাজী মোরশেদুল হক ওরফে প্লাবন ও মো. আবু ইউসুফ আলী। এর মধ্যে আসামি তৌহিদুল আলম জামিন নিয়ে পলাতক আছেন।

মহানগর দায়রা জজ তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, গত ৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে অনুমোদন দেন। ২১ আগস্ট মামলার নথিতে সংযুক্ত করা হয়।

২০১০ সালের ১৮ এপ্রিল রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে হিযবুত তাহরীরের কয়েকজন সদস্য লিফলেট ও পোস্টার বিলি করছিলেন। এ সময় তানভীর, সাইদুর, তৌহিদুলকে আটক করে পুলিশ।

এর পরদিন ১৯ এপ্রিল উপপরিদর্শক আরমান আলী বাদী হয়ে উত্তরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দেয় ডিবি পুলিশ।