মহিউদ্দিনসহ হিযবুত তাহ্রীরের ছয়জনের বিরুদ্ধে বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আগামী ২৪ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

মামলার বাকি আসামিরা হলেন হিযবুত তাহ্‌রীরের সদস্য এম এ ইউসুফ খান, সাইদুর রহমান, মোরশেদুল হক, তানভীর আহমেদ ও তৌহিদুল আলম। তাঁদের মধ্যে তানভীর ও তৌহিদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

জামিনে থাকা মহিউদ্দিনসহ চারজন গতকাল আদালতে হাজির ছিলেন। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তা নাকচ করে দেন।

শুনানিতে মহিউদ্দিনের আইনজীবী রেজাউল ইসলাম সরকার আদালতকে বলেন, মহিউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক। তিনি হিযবুত তাহ্‌রীরের সঙ্গে ছিলেন। সরকার সংগঠনটি নিষিদ্ধ করার পর থেকে হিযবুত তাহ্‌রীরের সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি তিনি।

হিযবুত তাহ্‌রীরের নেতা-কর্মীদের বিরুদ্ধে ২০১০ সালের ১৯ এপ্রিল রাজধানীর উত্তরা থানায় পুলিশ এ মামলাটি করে। তাতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে গোপন বৈঠকে মিলিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। আসামিরা সরকারের বিরুদ্ধে প্রচারপত্র ছেড়ে জনগণকে বিভ্রান্ত করছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করে এবং ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয়। এরপর ২০১৪ সালে মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অভিযোগপত্র আমলে নেওয়ার বিধান রয়েছে। কিন্তু এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। ফলে মামলার কার্যক্রম আটকে যায়। বিষয়টি আদালতের নজরে আসার পর ২০১৫ সালে অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেন আদালত। চলতি বছরের ৬ জুলাই মন্ত্রণালয় থেকে অভিযোগপত্র আমলে নেওয়ার অনুমোদন দেওয়া হয়। এ কারণে অভিযোগপত্র দাখিলের তিন বছরের বেশি সময় পর মামলাটির বিচার শুরু হলো।