মহিউদ্দিনের আয়কর ফাঁকির মামলা প্রত্যাহারের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে বিচারক আগামী ৭ এপ্রিল আদেশের দিন ধার্য করেছেন। এদিকে মহিউদ্দিন চৌধুরী হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছি। শুনানি শেষে বিচারক আগামী ৭ এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেছেন।’
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ ধারার আওতায় মামলাটি প্রত্যাহারের আবেদন করে পিপি উল্লেখ করেন, সরকার মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মামলাটি এত দিন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকায় আবেদন করা হয়নি। সম্প্রতি স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় ধার্য দিনে আবেদন করা হলো।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ লাখ ৫৮ হাজার ৬০৭ টাকা আয়কর ফাঁকির অভিযোগে ২০০৮ সালের ৭ জুলাই মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেন চট্টগ্রাম কর অঞ্চল-২-এর তৎকালীন অতিরিক্ত কর কমিশনার জিয়াউল হক। পরে এ মামলায় বাদীসহ সাতজন সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করেন আদালত। এ মামলায় মহিউদ্দিন চৌধুরীকে ২০০৮ সালের ১৫ জুলাই গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের ১৪ আগস্ট তিনি জামিন পান।