মহিউদ্দিনের নতুন সংগঠন নিয়ে চট্টগ্রাম চেম্বারের বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরকেন্দ্রিক নতুন সংগঠন গড়া নিয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর তীব্র বিষোদ্গার করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ। গতকাল শনিবার এক বিবৃতিতে এই বিষোদ্গার করে বন্দর নিয়ে রাজনীতি না করার আহবান জানান তিনি।অপরদিকে বন্দর উপদেষ্টা পরিষদের সদস্য মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম চেম্বারের এই বিবৃতি আমলে নিচ্ছেন না। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘লেট দেম বার্ক।’ অর্থাৎ তাদের ঘেউ ঘেউ করতে দাও।জানা গেছে, গত শুক্রবার মহিউদ্দিন চৌধুরী তাঁর বাসায় বন্দর নাগরিক অধিকার পরিষদ নামে একটি সংগঠন গঠন করার ঘোষণা দেন। এই সংগঠনের ব্যানারে আজ রোববার বন্দর এলাকায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এমন কর্মসূচি ঘোষণার কারণে গতকাল চট্টগ্রাম চেম্বার এই বিবৃতি দেয়। মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রিভিউ প্যানেলের আদেশ পাওয়ার পর এটি বাস্তবায়ন এবং জাহাজে পাহারাদার নিয়োগের মতো বিষয়গুলো তুলে ধরে নতুন করে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন মহিউদ্দিন। তবে এমন কর্মসূচি মানতে পারছে না চট্টগ্রাম চেম্বার। গতকাল এক বিবৃতিতে মহিউদ্দিনের বিষোদ্গার করে বলা হয়, মহিউদ্দিন চৌধুরী বন্দর, ব্রিজ, বিমানবন্দর, অস্ত্রের চালান, গরুর বাজার, খেয়াঘাট, নালা-নর্দমা, রাস্তার ওপর দোকান নির্মাণ—এমন কোনো ইস্যু নেই, যা নিয়ে তিনি তথাকথিত দুর্বার আন্দোলন করেননি। চট্টগ্রাম বন্দরসহ দেশের অর্থনীতিকে অস্থিতিশীল এবং জনদুর্ভোগ সৃষ্টি করার ইতিহাস তাঁর জন্য কোনো নতুন বিষয় নয় বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।বিবৃতিতে মহিউদ্দিনের বাড়িতে প্রতিদিন মেজবান আয়োজনের বিপুল পরিমাণ টাকার উৎসও জানতে চান মোরশেদ মুরাদ। এ ছাড়া তাঁর সম্পদের উৎসও জানতে চান তিনি। বিবৃতি দেওয়ার কথা স্বীকার করে মোরশেদ মুরাদ প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী ব্যবসায়ীদের অস্থিরতার মধ্যে রাখতে চান। হঠাৎ করে নতুন সংগঠন করে তিনি আন্দোলনে নামেন। এখন আমরা তাঁর আন্দোলন পর্যবেক্ষণ করছি।’