মহিউদ্দিনের পক্ষে আ.লীগ জাপা নেতাদের গণসংযোগ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে গতকাল শনিবার গণসংযোগ চালিয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নেতারা। মহিউদ্দিন চৌধুরী গতকাল আবার সংবাদ সম্মেলন করে গ্যাস, বিদ্যুৎ বিল চুরির দায়ে জরিমানা দেওয়া মোহাম্মদ মন্জুর আলমের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, মন্জুর নাগরিক কমিটির প্রার্থীর বিপক্ষে কুত্সা রটাচ্ছেন। বিকেলে তিনি রেলওয়ে অফিসার্স ক্লাবে চট্টগ্রামে বসবাসকারী বৃহত্তর নোয়াখালীবাসীর সমাবেশে যোগ দেন।বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা রাস্তার মোড়ে কিংবা ব্যস্ততম এলাকায় গিয়ে মহিউদ্দিনের জাহাজ প্রতীকের জন্য ভোট চান। গণসংযোগ করে তাঁরা বলেছেন, চট্টগ্রামকে চট্টগ্রামের বৈশিষ্ট্যে আধুনিক নগরে পরিণত করতে হবে। গতকাল আওয়ামী লীগ দলীয় সাংসদ আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, শামসুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন আমিন জুট মিল, অক্সিজেন ও বন্দরের দুটি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। বিকেলে তাঁরা সাংসদ নুরুল ইসলাম আয়োজিত চান্দগাঁও বসুন্ধরা কমিউনিটি সেন্টারের বৈঠকে যোগ দেন। গণসংযোগে কেন্দ্রীয় নেতারা জাহাজ প্রতীকে ভোট চেয়ে বলেন, চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে মহিউদ্দিন চৌধুরীর বিকল্প নেই। নাগরিক সেবা সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যকে মহিউদ্দিন অগ্রাধিকার দিয়েছেন। এ ছাড়া ছাত্রলীগের সাবেক নেতারা স্টেশন রোড, বানিয়াটিলা, ফলমন্ডি ও বয়লার কলোনি এলাকায় গণসংযোগ করেন। তাঁদের মধ্যে ছিলেন লিয়াকত শিকদার, সালাউদ্দিন মাহমুদ চৌধুরী প্রমুখ।এদিকে বিকেলে বৃহত্তর নোয়াখালীবাসীর সমাবেশে বক্তৃতা করেন ওবায়দুল কাদের, নোয়াখালী সদর এলাকার সাংসদ একরামুল করিম চৌধুরী ও আলাউদ্দিন চৌধুরী। সমাবেশ চলাকালে সেখানে যান মহিউদ্দিন। এর আগে দুপুরে চিটাগাং ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ওবায়দুল কাদের।