মহিউদ্দিনের পক্ষে কাজ করার কথা জানালেন বিরোধী বলে পরিচিতরা
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করার কথা জানিয়েছেন তাঁর বিরোধী বলে পরিচিত দলীয় কয়েকজন নেতা ও ওয়ার্ডের কাউন্সিলর। দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের উপস্থিতিতে নাগরিক কমিটির কার্যালয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সভায় তাঁরা এ কথা জানান। তবে মহিউদ্দিন চৌধুরী এ সভায় ছিলেন না। মহিউদ্দিন চৌধুরী বিকেলে মোহরা, চান্দগাঁও ও কোরবানিগঞ্জে পথসভা ও গণসংযোগ করেন। জানা যায়, সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন, মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সহসভাপতি নঈমুদ্দিন এবং বর্তমান তিন ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, তারেক সোলায়মান ও গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। তাঁরা মহিউদ্দিনবিরোধী বলে পরিচিত এবং গতকালই তাঁরা প্রথম নাগরিক কমিটির কার্যালয়ে আসেন। সভায় মাহবুবুল আলম বলেন, ‘জননেত্রীর নির্দেশে আমি এখানে এসেছি। আপনারা ঐক্যবদ্ধভাবে মহিউদ্দিন চৌধুরীকে জয়যুক্ত করবেন। মহিউদ্দিন চৌধুরীর দক্ষতায় চট্টগ্রামের অনেক উন্নয়ন হয়েছে। তাঁর অনেক ভুল-ত্রুটি থাকতে পারে। কিন্তু এসব ভুল-ত্রুটি ভুলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়ী করতে হবে।’ সভায় অন্য বক্তারা বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে জয়ী করতে হবে। মহিউদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ইসহাক মিয়া বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। আজ আমাদের ঘরের ছেলেরা ঘরে ফিরে এসেছেন।’ জালাল উদ্দিন ইকবাল প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় নির্দেশে এখানে এসেছি। হানিফ ভাই আমাদের ডেকেছেন। যেহেতু দল মনোনয়ন দিয়েছে, তাই মহিউদ্দিন চৌধুরীর পক্ষে আমাদের কাজ করতে হবে।’ প্রসঙ্গত, তফসিল ঘোষণার আগে তৎকালীন মেয়র মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন জালাল উদ্দিনসহ ১০ কাউন্সিলর।