মহিউদ্দিনের পক্ষে প্রচারে আ.লীগের কেন্দ্রীয় নেতারা
সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পাশাপাশি গণসংযোগ ও প্রচারে ব্যস্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এদিকে গতকাল মহিউদ্দিনের পক্ষে মাঠে নেমেছেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি। নাগরিক কমিটির সূত্র জানায়, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বিকেলে মাঝিরঘাট, মাদারবাড়ি ও সদরঘাটে গণসংযোগ ও পথসভা করেন। আমুর সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও ছিলেন। তাঁরা মহিউদ্দিনের জাহাজ প্রতীকে ভোট চান।দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দুপুরে জামালখান ও আশপাশের এলাকায় মহিউদ্দিনের পক্ষে গণসংযোগ করেন। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার ও সাবেক কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা হালিশহরে প্রচার চালান।উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোশাররফ হোসেন নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী প্রচারের কাজ বণ্টন করে দেন।মাঠে নুরুল ইসলাম: সাংসদ নুরুল ইসলাম বিএসসি মোহরা এলাকার শাপলা কমিউনিটি সেন্টারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সূত্র জানায়, মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত নুরুল ইসলাম বৈঠকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মাঠে নেমেছি।’মহিউদ্দিনের গণসংযোগ: মহিউদ্দিন বন্দর এলাকা ও পতেঙ্গা বেড়িবাঁধের কাছে গণসংযোগ করেন।