মহিউদ্দিনের পক্ষে প্রচারে মমতাজ ও তারানা
দুই তারকা সাংসদ শিল্পী মমতাজ বেগম ও তারানা হালিম গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচার চালিয়েছেন। তাঁরা সন্ধ্যা থেকে ব্যস্ততম বহদ্দারহাট, অক্সিজেন ও ফিরিঙ্গিবাজার ব্রিজঘাটা এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তাঁরা মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ভোট চান। ফাঁকে ফাঁকে চলে মমতাজের গান। পথসভাগুলোয় তারানা হালিম বলেন, চট্টগ্রামকে সুন্দর নগরে পরিণত করেছেন মহিউদ্দিন চৌধুরী। মহিউদ্দিন চৌধুরীর বিকল্প মহিউদ্দিন চৌধুরী। অন্য কেউ হতে পারে না। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, সাবেক সহসভাপতি শাহজাদা মহিউদ্দিন, জহির উদ্দিন মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বিভিন্ন এলাকায় মহিউদ্দিনের জাহাজ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। মহিউদ্দিনের গণসংযোগ: দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে চিকিত্সকদের সঙ্গে মতবিনিময় করেন নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরী। তিনি চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ব্যাপারে সরকারকে তাগাদা দেবেন বলে সভায় জানান। স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) এই মতবিনিময় সভার আয়োজন করে। বিকেলে মহিউদ্দিন বন্দরের কলসীদীঘি পাড়, দক্ষিণ-মধ্যম হালিশহর, পূর্ব ও পশ্চিম বাকলিয়া এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। সংবাদ ব্রিফিং: মহিউদ্দিন চৌধুরী দুপুরে নন্দনকাননে নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমি তিনবার মেয়র নির্বাচিত হয়েছি। কখনো ভাড়া করে লোক এনে ভোট আদায় করিনি।’ ভোটার তালিকায় ৫৫ হাজার ভোটারের ছবি নেই—বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর এই অভিযোগকে তিনি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন।