চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম এ লতিফ। গতকাল শনিবার সকালে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি বিকেলে প্রচারণায় নামেন। মহিউদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা গতকাল চট্টগ্রামে সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন। দলীয় সূত্র জানায়, ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের (ডব্লিউটিসিসি) কর্তৃত্ব নিয়ে মহিউদ্দিন ও লতিফের মধ্যে বিরোধ দেখা দেয়। এর পর থেকে দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না, এমনকি মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। মেয়র নির্বাচনে লতিফ গত শুক্রবার পর্যন্ত চুপচাপ ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গতকাল সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের চট্টগ্রামের বাসায় তাঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আতাউর রহমান, দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ-প্রচার সম্পাদক অসীম কুমার, সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক ও জাহাঙ্গীর সাত্তার উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে সাংসদ লতিফ দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী হিসেবে মহিউদ্দিনের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।সাংসদ লতিফ প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তি মহিউদ্দিনের সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে। তবে তিনি (মহিউদ্দিন) আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আর আমি দলীয় সাংসদ। ব্যক্তিগত রেষারেষি কখনো দলের ভেতর টেনে আনা ঠিক নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি তাঁর পক্ষে বিকেল (গতকাল) থেকে প্রচারণা শুরু করেছি।’ জানা গেছে, গতকাল বিকেলে লতিফ তাঁর নির্বাচনী এলাকা চট্টগ্রাম স্টেশনের পেছনে সিটি কলেজ সড়ক থেকে গণসংযোগ করেন। ছাত্রলীগ: ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার ও ছাত্রলীগের সাবেক নেতা জহিরউদ্দিন মাহমুদ স্থানীয় ছাত্রলীগের নেতাদের নিয়ে গতকাল নাগরিক কমিটির নন্দনকানন কার্যালয়ে বৈঠক করেন।