মহিউদ্দিনের মামলা খারিজের আবেদন মেয়র মন্জুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর করা মামলাটি খারিজের আবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। গতকাল মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ গোলাম ফারুকের আদালতে তিনি এই আবেদন করেন। আদালত আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ওই দিন বাদীকে লিখিত বক্তব্য দেওয়ারও নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, গত ১৮ জুলাই মেয়র পদপ্রার্থী মহিউদ্দিন বর্তমান মেয়র মন্জুরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন রাখার অভিযোগ এনে মামলাটি করেন। মামলার আরজিতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের করা মামলায় মন্জুর ১৭ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা দিয়েছেন। কিন্তু তিনি বিষয়টি হলফনামায় উল্লেখ করেননি। এ ছাড়া মন্জুরের বিরুদ্ধে প্রচারণার সময় নির্বাচন বিধিমালা ভঙ্গ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং লাখ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনা হয়। আদালত মন্জুরকে তাঁর বক্তব্য জানাতে এক মাস সময় দিয়ে গতকাল মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছিলেন।মন্জুরের পক্ষে মামলা খারিজের আবেদন জানিয়ে তাঁর কৌঁসুলি আদালতে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আইন-২০০৯’-এর ৩৭ ধারা এবং ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আইন-২০১০’-এর ৫৩ ও ৫৬ নম্বর ধারা অনুযায়ী বাদীর সরাসরি হাজির হওয়া ছাড়া মামলা করার সুযোগ নেই। এ ছাড়া বাদীপক্ষ আরজিতে যেসব আপত্তি ও অভিযোগ এনেছেন তা এ দুটি আইনের সংশ্লিষ্ট ধারাকে পুরোপুরি সমর্থন করে না।বিবাদীপক্ষের কৌঁসুলির বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত বাদীপক্ষের বক্তব্য জানতে চাইলে আইনজীবীরা সময় চান। আদালত আগামী ১ সেপ্টেম্বর তাঁদের লিখিত আপত্তিসহ বক্তব্য উপস্থাপন এবং খারিজ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।মহিউদ্দিনের মামলায় মেয়র মন্জুরকে প্রথম ও মূল বিবাদী করা হয়। এ মামলায় মেয়র পদপ্রার্থী অন্য ছয়জনকেও বিবাদী করা হয়। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এ মামলার মোকাবিলা বিবাদী। মেয়রের আইনজীবী নূরুল ইসলাম আদালতে সাংবাদিকদের বলেন, ‘মন্জুর আলম নির্বাচনে প্রভাব বিস্তার করে মহিউদ্দিনকে হারিয়ে দেওয়ার অভিযোগ অগ্রহণযোগ্য ও হাস্যকর। পরাজয়ের প্রতিশোধ নিতে ও মন্জুর আলমের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ মামলা করা হয়েছে।’ মহিউদ্দিনের কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মামলায় যথেষ্ট উপাদান ও দালিলিক প্রমাণ আছে। আসলে ওরা খারিজের আবেদন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আর সময় নষ্ট করতে চায়। এতে মামলাটি দীর্ঘসূত্রতার জালে পড়ার আশঙ্কা আছে। গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে বিএনপির সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মন্জুর আলম প্রায় ৯৫ হাজার ভোটের ব্যবধানে মহিউদ্দিনকে পরাজিত করেন।