মহিউদ্দিনের স্ত্রীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন নগরের কে সি দে সড়ক এলাকায় অবস্থিত একটি জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঝিনু রানী বড়ুয়া নামের এক নারী এই অভিযোগ করেন।
এদিকে উল্টো ঝিনু রানী বড়ুয়ার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন হাসিনা মহিউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আরেকজনের জায়গা কী অন্যজন দখল করতে পারেন? উনার অভিযোগ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি আইনের মাধ্যমে অগ্রসর হব। আইনত যা হবে, তাই মেনে নেব।’
চট্টগ্রাম নগরের কে সি দে সড়কে জমিটি অবস্থিত। এর পূর্ব পাশের জায়গার মালিক হাসিনা মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে ঝিনু রানী বড়ুয়া অভিযোগ করেন, জমি দখলের চেষ্টায় হাসিনা মহিউদ্দিনকে নানাভাবে সহায়তা করছেন সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর জহরলাল হাজারীসহ কয়েকজন ব্যক্তি।
ঝিনু রানী বড়ুয়া বলেন, ‘হাসিনা মহিউদ্দিন প্রভাব খাটিয়ে সিটি করপোরেশনের মাধ্যমে আমার বসতঘরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করান এবং করপোরেশন নোটিশ দিয়ে বাড়ির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু ওই নোটিশে কোনো তারিখ ছিল না।’ তিনি বলেন, ‘এরপর গত ২০ ও ২১ জানুয়ারি দেড়তলা টিনশেড বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এখন সে ধ্বংসস্তূপের মধ্যে কোনো রকম বসবাস করছি।’
ঝিনু রানী বলেন, ‘১৪ বছর ধরে এই জায়গায় দেড়তলা টিনশেড বাড়িতে মুক্তিযোদ্ধা স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাসিনা মহিউদ্দিন অংশীদার সূত্রে এই জমি পাবেন দাবি করে দুটি মামলা করেছেন। ২০০৫ সালে একটি মামলা খারিজ হয়ে গেছে। অপরটি বিচারাধীন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনু রানী বড়ুয়ার স্বামী অমল বড়ুয়া, বাংলাদেশ মাইনরিটি বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দ্বিপানন্দ ভিক্ষু।
সহায়তার অভিযোগ অস্বীকার করে সিটি করপোরেশনের কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নিয়ম অনুযায়ী পুরোনো ভবনটি উচ্ছেদ করেছেন। এখানে আমার কোনো হাত নেই।’
অন্যদিকে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘করপোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগ যৌথভাবে জরিপ করে ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদের তালিকা করে। নিয়ম মেনেই তা করা হয়।’