মহিউদ্দিন-মনজুরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তাঁদের বিরুদ্ধেই পরস্পরের যোগসাজশে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রামের রাজনীতিতে একসময়ের গুরু–শিষ্য হিসেবে পরিচিত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র মনজুর আলমের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের জন্য আজ মঙ্গলবার অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক।

দুদকের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেছে, তাঁদের সঙ্গে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের বিরুদ্ধে অনুসন্ধান হবে।
সূত্রটি জানায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য কেনা এক দশমিক ৬৬৮ একর জমি কেনার সময় বেশি দাম দেখিয়ে তাঁরা সমঝোতার ভিত্তিতে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। ওই জমির প্রকৃত বাজারমূল্য ১০ কোটি ৩৯ লাখ টাকা হলেও জমির দলিলে দাম দেখানো হয়েছে ২১ কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা পরস্পরের যোগসাজশে বেশি দাম দেখিয়ে বাকি ৯ কোটি ৬১ লাখ টাকা বেশি পরিশোধ না করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মেয়র মনজুর আলম বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও উপাচার্য অনুপম সেন এর সদস্য।
অভিযোগটি অনুসন্ধানে দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিনকে অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক মো. মনিরুজ্জামানকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক সূত্রটি জানায়, শিগগিরই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠাবে দুদক।