মহিউদ্দীন খানের বক্তব্য, প্রথম আলোর জবাব
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, তাঁর আয় বেড়েছে মাত্র ৪০ ভাগ, এক হাজার ১৩৫ ভাগ নয়। প্রথম আলো- ডেইলি স্টার মিথ্যাচার করেছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘প্রথম আলো-ডেইলি স্টার আমার আয়ের বিবরণী নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যাচার। এ ধরনের অপপ্রচার চালানো সংবাদপত্রের উচিত হয়নি। এ দুটি পত্রিকার নিজেদের সম্পদের বিবরণী প্রকাশ করা উচিত।’
মহীউদ্দীন খান বলেন, ‘পত্রিকা দুটি লিখেছে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমার মালিকানাধীন। এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষা সম্প্রসারিত করার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত। এখানে একটি টাকাও আমার নয়। ফারমারস ব্যাংকের মালিকানা আমার বলে তারা লিখেছে। এই ব্যাংকের মূলধন ৪০০ কোটি টাকা। আমার আছে সাড়ে আট কোটি টাকা। এই ব্যাংকটির বর্তমানে ১০টি শাখা, ২০০ কোটি টাকার মূলধন আছে। ব্যাংকটি কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যের প্রসারে কাজ করছে। পত্রিকাগুলো বলেছে, আমার সম্পদ এক হাজার ১৩৫ ভাগ বেড়েছে। পত্রিকা যে দলিল উত্থাপন করেছে, তাতে দেখা গেছে, সে সময় আমার সম্পদ ছিল পাঁচ কোটি টাকা। সেটি এখন সাত কোটি টাকা।’
প্রথম আলো-ডেইলি স্টারকে কটাক্ষ করে মহীউদ্দীন খান বলেন, এরাই সেই সংবাদপত্র, যারা এক-এগারোর স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিল। গণতান্ত্রিক সরকারকে হটিয়ে তথাকথিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছিল।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রথম আলো-ডেইলি স্টারকে তাঁর আয় বিবরণীর দলিল সরবরাহ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘আমার জানামতে বদিউল আলম মজুমদার হলফনামার ওই তথ্য দিয়েছেন।’
বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ তুলে মহীউদ্দীন খান বলেন, ‘জানা গেছে, আত্মীয়দের দূরে সরিয়ে রেখে তিনি শ্বশুরকুলের বাড়ি দখল করে আছেন। যাই হোক এটা তাঁদের পারিবারিক বিষয়।’ তিনি বলেন, ‘বদিউল আলম মজুমদার গবেষণার নামে নির্বাচন কমিশন থেকে ৬০ লাখ টাকা নিয়েছেন। গবেষণা করেননি, টাকাও ফেরত দেননি। দুদক যথাযথভাবে বিষয়টি অনুসন্ধান করুক।’
আমাদের জবাব: মহীউদ্দীন খান আলমগীরের হলফনামাসংক্রান্ত প্রতিবেদনটি প্রথম আলোয় ছাপা হয় গত ২৩ ডিসেম্বর, যার শিরোনাম ছিল স্বামী-স্ত্রীর নগদ টাকাই আছে পাঁচ কোটি। সেখানে কোথাও লেখা হয়নি যে তাঁর সম্পদ বেড়েছে এক হাজার ১৩৫ ভাগ। আবার ফারমারস ব্যাংকে তাঁর শেয়ারের পরিমাণ যে সাড়ে আট কোটি টাকা, সেটিও প্রথম আলোয় লেখা আছে। পুরো প্রতিবেদনটি নির্বাচন কমিশনকে তাঁরই দেওয়া হলফনামার হুবহু তথ্য তুলে দেওয়া হয়েছে। এখানে প্রথম আলোর নিজস্ব কোনো অনুসন্ধান ছিল না।
প্রথম আলো তাঁর সম্পদের তথ্য নিয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। সুজন বা অন্য কারও কাছ থেকে হলফনামা নেওয়ার প্রয়োজনই ছিল না। সুতরাং বলা যায়, মহীউদ্দীন খান আলমগীরই জাতীয় সংসদে দাঁড়িয়ে ‘মিথ্যাচার’ করেছেন।